প্রেমের টানে পাকিস্তানি যুবক এখন কুষ্টিয়ায়

ফেসবুকে পরিচয়

প্রেমের টানে পাকিস্তানি যুবক এখন কুষ্টিয়ায়

ফন্ট সাইজ:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। দুই দেশের ভিন্ন সংস্কৃতি ও পারিবারিক পরিবেশের বাধা পেরিয়ে সেই প্রেমের সম্পর্ক গড়িয়েছে বিয়েতে। কুষ্টিয়ার তরুণী লাবনী ও পাকিস্তানের পাঞ্জাবের বাসিন্দা ফারহানের পরিচয় হয়েছিল প্রায় দুই বছর আগে। অনলাইনে শুরু হওয়া সেই সম্পর্ক এখন বাস্তবের সংসার। বিয়ের পর পাকিস্তানে প্রায় ছয় মাস কাটিয়ে স্ত্রীকে নিয়ে বাংলাদেশে ফিরেছেন ফারহান। বর্তমানে তারা কুষ্টিয়া শহরে বসবাস করছেন। ভিন্ন দেশের এই দম্পতিকে ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল। কীভাবে পরিচয়, কীভাবে প্রেম এবং শেষ পর্যন্ত কীভাবে বিয়ের সিদ্ধান্ত, তা জানতে আগ্রহ দেখাচ্ছেন অনেকে।

লাবনীর বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায়। প্রায় দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে ফারহানের সঙ্গে তার পরিচয় হয়। শুরুতে সাধারণ বন্ধুত্ব থাকলেও নিয়মিত কথোপকথনের মধ্যদিয়ে দু’জনের মধ্যে তৈরি হয় ঘনিষ্ঠতা। একপর্যায়ে বন্ধুত্ব রূপ নেয় প্রেমের সম্পর্কে। একপর্যায়ে লাবনীকে বিয়ের প্রস্তাব দেন ফারহান। পরে বিষয়টি দুই পরিবারকে জানানো হলে পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়। দু’জনের দেয়া তথ্য অনুযায়ী, প্রায় সাত মাস আগে অনলাইনে তাদের বিয়ে হয়। এরপর ফারহান লাবনীকে পাকিস্তানে নিয়ে যান। সেখানে দেশটির আইন ও শরীয়ত অনুযায়ী আবারো তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর দু’জন প্রায় ছয় মাস পাকিস্তানে একসঙ্গে সংসার করেন। পরে স্ত্রীকে নিয়ে বাংলাদেশে ফিরে আসেন ফারহান। বর্তমানে কুষ্টিয়ায় বসবাস করছেন তারা।