সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ছাত্রকে বলাৎকারের মামলায় প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে সোমবার বিকালে মছলম উদ্দিন একাডেমি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রধান শিক্ষক এনামুল ইসলাম কানাইঘাট উপজেলার ধর্মপুর গ্রামের ইসলাম আলীর ছেলে এবং মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রকে গত ৭ই অক্টোবর স্কুলের একটি কক্ষে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ক্ষুব্ধ জনতা এবং স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক এনামুল হককে স্কুলের অফিস কক্ষে আটকে রাখেন। গোলাপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক এনামুল ইসলামকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।
