রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকায় প্রায় দুই কিলোমিটার সড়ক জুড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহাসড়ক ও ফুটপাথ দখল করে গড়ে ওঠা প্রায় এক হাজার ভ্রাম্যমাণ দোকান, অবৈধ পরিবহন স্ট্যান্ড, কাউন্টারসহ বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনের এলাকা থেকে গোলাকান্দাইল ও সাওঘাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

ভেকু দিয়ে অবৈধ দোকানপাট, পরিবহন স্ট্যান্ড, কাউন্টার ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযানের ফলে সড়কের পাশের দখল করা অংশগুলো খালি করার উদ্যোগ নেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শুধু উচ্ছেদ অভিযান চালিয়েই দায়িত্ব শেষ করা হবে না। ভবিষ্যতে যাতে নতুন করে কেউ মহাসড়ক ও ফুটপাথ দখল করতে না পারে, সে জন্যও কার্যকর পদক্ষেপ নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মহাসড়কের ওই অংশে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে সড়কের নির্দিষ্ট অংশে ডিভাইডার স্থাপনের মাধ্যমে দখলের সুযোগ বন্ধ করার উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ দখল প্রতিরোধে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য ৪০ জন স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হয়েছে।