প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এ বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা, নিবন্ধন জটিলতা নিরসন এবং পরীক্ষা পরিচালনা ও উত্তরপত্র মূল্যায়নে যোগ্য বেসরকারি শিক্ষকদের সম্পৃক্ত করার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও সংগঠনের নেতারা। গতকাল সকালে গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংগঠনের নেতারা অংশ নেন।
শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে এবং গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি আলহাজ মো. মোছাদ্দিকুর রহমান হাজী মুসা, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের গাজীপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনীল চন্দ্র মণ্ডল, গাজীপুর বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ সোসাইটির সাধারণ সম্পাদক তমিজুল ইসলামসহ বিভিন্ন উপজেলা ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতারা। বক্তারা বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা মূল্যায়নের গুরুত্বপূর্ণ একটি সুযোগ। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়ের ভিত্তিতে কোনো শিশুকে এ সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয়।
কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। তারা বলেন, গাজীপুরের যেসব বেসরকারি কিন্ডারগার্টেন নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে, সেসব প্রতিষ্ঠানের আবেদন পুনর্বিবেচনা করে বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বক্তারা আরও বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষার কার্যক্রমে সরকারি শিক্ষকদের পাশাপাশি যোগ্য ও অভিজ্ঞ বেসরকারি শিক্ষকদেরও সম্পৃক্ত করা প্রয়োজন। এতে পরীক্ষা পরিচালনা ও উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা এবং পারস্পরিক সহযোগিতা বাড়বে। অবস্থান কর্মসূচি থেকে বক্তারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এ দেশের সব যোগ্য বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা, নিবন্ধন জটিলতা নিরসন এবং পরীক্ষা-সংশ্লিষ্ট কার্যক্রমে বেসরকারি শিক্ষকদের সম্পৃক্ত করার দাবি জানান। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।
