সিলেটের গোলাপগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ চুরি করে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রুহেল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের পশ্চিম নিমাদল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুহেল আহমদ গোলাপগঞ্জ উপজেলার ৪ নম্বর লক্ষ্মীপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম নিমাদল গ্রামের বাসিন্দা। তিনি মৃত ছয়ফুল ইসলাম আরব আলী ও আফিয়া খাতুনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে লক্ষ্মীপাশা ইউনিয়নের মদনগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনুমানিক ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের গাছ চুরি করে বিক্রি করা হয়।
এই মামলার আসামি রুহেল আহমদ। এছাড়াও রুহেল আহমদ বৈষম্যবিরোধী একাধিক মামলারও এজাহারনামীয় আসামি বলে পুলিশ সূত্রে জানা যায়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী। তিনি বলেন, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
