সড়কে দুর্ঘটনা কমাতে চালক, পথচারী ও যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম। তিনি মঙ্গলবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর শাহী ঈদগাহস্থ স্কলার্সহোমে জনসচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধিও জরুরি। চালক ও পথচারী উভয়েই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। সড়ক দুর্ঘটনা রোধে পুলিশ, বিআরটিএ এর পাশাপাশি সকল স্টেকহোল্ডারদের একসাথে কাজ করার আহবান জানান।
সিলেট নগরীর যানজট নিরসনের জন্য নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানামা করাতে হবে। নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও স্কলার্সহোমের শাহী ঈদগাহ্ শাখার সিনিয়র শিক্ষক মো. মুস্তাফিজুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেনÑ নিসচা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিআরটিএ সিলেটের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ডালিম উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সাইফুল ইসলাম, স্কলার্সহোম শাহী ঈদগাহ্ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনির আহমদ কাদেরী, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কার্যকরী সভাপতি এমএ বাতেন, সহকারী পুলিশ কমিশনার মুহিবুর রহমান, পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, নিসচা সিলেট জেলা শাখার সহ-সভাপতি আব্দুল হাছিব, সহ-সাধারণ সম্পাদক মো. সাহেদুর রহমান সাহেদ।
