সিরাজগঞ্জের রায়গঞ্জে ছেলের মৃত্যুর চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরে তাদের দুজনকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে এই ঘটনা ঘটে। এদিন সকাল সাড়ে ৮টার দিকে ছেলের মৃত্যু হয়। এর ঠিক চার ঘণ্টা পর দুপুর পৌনে ১টার দিকে মারা যান মা। মৃতরা হলেনÑ ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে সাইফুল ইসলাম (৫৭) ও তার স্ত্রী তারা ভানু (৮০)।
স্থানীয় ইউপি সদস্য ছানোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই সাইফুল ইসলাম অসুস্থ ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধও খাচ্ছিলেন।
কিন্তু আজ সকালে হঠাৎ তার মৃত্যু হয়। এদিকে বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তার মা। ছেলের হঠাৎ এমন মৃত্যুর খবর শোনার পর তিনিও মানসিকভাবে ভেঙে পড়েন। ছেলের মৃত্যুর চার ঘণ্টা পর মা তারা ভানুও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মা ও ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, মা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। ছেলের হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়েন। এরপর তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
