হাতিয়ায় দৃষ্টিহীন যুবকের চিকিৎসায় উপজেলা কর্মকর্তাদের মানবিক সহায়তা

ফন্ট সাইজ:

নোয়াখালীর হাতিয়ায় দৃষ্টিশক্তি হারানো এক যুবকের চোখের চিকিৎসার জন্য উপজেলা পরিষদের কর্মকর্তারা নিজেদের বেতন থেকে আর্থিক সহায়তা দিয়েছেন। সহায়তা পাওয়া যুবকের নাম মো. রাসেল (২৮)। তিনি উপজেলার চরকিং ইউনিয়নের চর বগুলা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স চলাকালে রাসেলের হাতে নগদ এক লাখ ১০ হাজার টাকার এ সহায়তা তুলে দেয়া হয়।
জানা গেছে, প্রায় এক বছর আগে রাসেলের ডান চোখে সমস্যা দেখা দেয়। পরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে অস্ত্রোপচার করান তিনি। অস্ত্রোপচারের পর তার বাম চোখেও সমস্যা দেখা দিলে ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারান। চোখের চিকিৎসার পাশাপাশি কর্মহীন হয়ে পড়ায় আর্থিক সংকটেও পড়েন তিনি।

একপর্যায়ে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান রাসেল। তার অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের উদ্যোগে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজেদের বেতন থেকে অর্থ সংগ্রহ করে তাকে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেন।
সহায়তা পেয়ে দৃষ্টিহীন রাসেল বলেন, ইউএনও স্যারসহ সরকারি কর্মকর্তারা আমাকে যে আর্থিক সহযোগিতা করেছেন, এর জন্য আমি তাদের কাছে ঋণী। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ‘দৃষ্টিহীন এই যুবক যেন চিকিৎসার মাধ্যমে আবার চোখের আলো ফিরে পান, সে লক্ষ্যেই আমাদের এ প্রচেষ্টা।