চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তল্লাশিতে দুই যাত্রীর কাছ থেকে ৪৩৪ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা স্বর্ণের শুল্ককরসহ আনুমানিক মূল্য ৭৮ লাখ ১২ হাজার টাকা। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১২ই অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী তানবীর হাসান রিফাত শুল্ক ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে জিজ্ঞাসাবাদ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। প্রথমে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন।
পরে অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকানো ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং দেহ তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার উদ্ধার করা হয়। একই ফ্লাইটে আসা অপর যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহ তল্লাশি করে আরও ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৪৩৪ গ্রাম।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, সংশ্লিষ্ট এক যাত্রীর পাসপোর্ট পরীক্ষা করে ২০২৬ সালে এর আগে ব্যাগেজ সুবিধায় স্বর্ণ আনার তথ্যও পাওয়া গেছে। অধিদপ্তর আরও জানায়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক সপ্তাহে বিভিন্ন অভিযানে মোট ৯০২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭০২ গ্রাম স্বর্ণবার ও ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার। আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে স্বর্ণ ও উচ্চমূল্যের পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি, ঝুঁকিভিত্তিক যাত্রী শনাক্তকরণ এবং তাৎক্ষণিক অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
