চট্টগ্রাম নগরের ফলমণ্ডিতে খেজুরে তেল মিশিয়ে প্যাকেটজাত করে বাজারজাত করার অভিযোগে তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণে অনিয়মের দায়ে আরও তিনটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দেওয়ানহাটে একটি রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ফলমন্ডি ও দেওয়ানহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ।
অভিযান সূত্রে জানা যায়, ফলমণ্ডিতে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স আল্লাহ্ওয়ালা এন্টারপ্রাইজকে ২ হাজার, মেসার্স অ্যান্ড ব্রাদার্সকে ২ হাজার এবং মেসার্স রাউজান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোড়কজাতকরণ বিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুরের গায়ে তেল মিশিয়ে প্যাকেটজাত ও বাজারজাত করার দায়ে তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, দেওয়ানহাট এলাকার তায়েফ রেস্তোরাঁয় খাদ্যদ্রব্য রান্নায় মেয়াদোত্তীর্ণ কাশ্মীরি মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও খাদ্য নিরাপত্তাসংক্রান্ত বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।
