গুলিতে যুবক নিহত

বিজিবি’র ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় মামলা

ফন্ট সাইজ:

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে চারটি গরু আটকের পর বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় মামলা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হালুয়াঘাট থানায় মামলাটি করেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) কড়াইতলী বিওপি’র কোম্পানি কমান্ডার নায়েক রফিকুল ইসলাম। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় রোমান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার আসামি হলোÑ হালুয়াঘাটের সংগ্রা গ্রামের তোলা মিয়ার ছেলে আতিকুল ইসলাম (৪০), বেতকুড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রোমান (৩৫) এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা গ্রামের আকবর আলীর ছেলে আবদুল্লাহ (৩৫)। তাদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে হালুয়াঘাট সীমান্তে নিয়মিত টহল দিচ্ছিলেন বিজিবি সদস্যরা। এ সময় সীমান্ত পিলার ১১১৯ থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় এক হাজার গজ দূরে ঝলঝলিয়া এলাকায় ভারত থেকে অবৈধ পথে চারটি গরু আনার খবর পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে গরুগুলো আটক করেন বিজিবি সদস্যরা। আটক গরুর মধ্যে দু’টি লাল ও দু’টি সাদা রঙের। এজাহারে গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, গরু নিয়ে ফেরার পথে ঝলঝলিয়া এলাকায় বিজিবি সদস্যদের পথরোধ করে চোরাচালানে জড়িতরা। এ সময় দেশীয় অস্ত্র, ধারালো রামদা ও বাঁশের লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা আটক চারটি গরুর মধ্যে দু’টি ছিনিয়ে নিয়ে যায়। বাকি দু’টি গরু নিজেদের হেফাজতে রাখেন বিজিবি সদস্যরা। মামলার বর্ণনা অনুযায়ী, হামলাকারীদের ছত্রভঙ্গ করতে বিজিবি সদস্যরা সতর্কতামূলক চারটি ফাঁকা গুলি ছোড়েন। তবে একপর্যায়ে হামলাকারীরা আবারো তাদের ওপর আক্রমণ করে। এ সময় ধস্তাধস্তির মধ্যে গুলি বের হয়ে রোমান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বিজিবি সদস্যদের অভিযোগ, হামলাকারীরা লাঠি দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বিজিবি’র পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।