ফলবান ৮ হাজার পান গাছ কর্তন মৌলভীবাজারে মানববন্ধন ও স্মারকলিপি

ফলবান ৮ হাজার পান গাছ কর্তন মৌলভীবাজারে মানববন্ধন ও স্মারকলিপি

ফন্ট সাইজ:

মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন পাহাড়ে বসবাসকারী আদিবাসীরা। গতকাল দুপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। মানববন্ধনে তারা দাবি জানান, জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারি পুঞ্জিতে ফলবান ৮ হাজার পান গাছ কর্তনের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান। ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ এবং পানচাষিদের জীবন-জীবিকার নিরাপত্তার। বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা। কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন। খাসি স্টুডেন্ট ইউনিয়ন (কেএসইউ)। বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটি এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর যৌথ আয়োজনে এই প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আদিবাসী ফোরামের জেলা সভাপতি ফ্লোরা বাবলী তালাং এবং সঞ্চালনা করেন হেলেনা হীরামন তালাং। বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির আহ্বায়ক এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, সদস্য সচিব এডভোকেট আবুল হাসান, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় নেতা আব্দুল করিম কিম, বাসদ জেলা ইনচার্জ উজ্জ্বল রায়, বাংলাদেশ জাসদ জেলা সভাপতি আ স ম ছালেহ সোহেল, উদীচী জেলা সহ-সভাপতি রামেন্দ্র চন্দ্র দাস, আদিবাসী নেতা নারায়ণ কুর্মী, পংকজ কন্দ, জ্ঞান উরাং, লক্ষ্মণ মুন্ডা, ফিলাহ পতমি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, খাসি স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক লেঞ্চার তংপেয়ার প্রমুখ।