সিরাজদিখানে আদালতের নির্দেশ অমান্য করে ঘর ভেঙে নেয়ার অভিযোগ

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে আদালতের নির্দেশ অমান্য করে বসতঘর ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উজ্জ্বল মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিউটি বেগম (৩০) নামের এক নারী মঙ্গলবার সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, উপজেলার চিত্রকোট ইউনিয়নের গিরিনগর গ্রামের বাসিন্দা বিউটি বেগমের ক্রয়সূত্রে পাওয়া ১৮ শতাংশ জমি নিয়ে একই গ্রামের উজ্জ্বল মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে মুন্সীগঞ্জের আদালতে একটি মামলা চলমান রয়েছে। বিরোধপূর্ণ জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জমির কোনো পরিবর্তন, পরিবর্ধন বা খনন না করার নির্দেশ দিয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা জারি রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিউটি বেগমের অভিযোগ, গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে উজ্জ্বল মোল্লাসহ অজ্ঞাতনামা দুই-তিনজন তার জমিতে প্রবেশ করে অনুমতি ছাড়াই সেখানে থাকা একটি টিনের ঘর ভেঙে নিয়ে যান।

এ ঘটনার কারণ জানতে চাইলে তাকে খুন-জখমসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত শহিদুল ইসলাম উজ্জ্বল মোল্লা বলেন, যদি তারা জমির রায় পায় আমার কোন আপত্তি থাকবে না। সিরাজদিখান থানার পুলিশ উপ-পরিদর্শক শাহ আলী বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বলিছি। যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয়।