দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি বাসের চাপায় নিহত স্বামী-স্ত্রী হয়েছেন। গতকাল সকাল ছয়টার দিকে দাউদকান্দির হরিপুর আমিরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একইসঙ্গে পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ তাদের স্বজনেরা। নিহতরা হলেন, দাউদকান্দির জিংলাতলী গ্রামের নজির মিয়া (৬৫) ও তার স্ত্রী ঝর্ণা বেগম (৫৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে বের হয়ে হরিপুর আমিরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন তারা।
এ সময় ঢাকা অভিমুখী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে উভয়ের মৃত্যু হয়। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রেমদাস রায় জানান, জিংলাতলী গ্রামের বাড়ি থেকে এসে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির বাস তাদের চাপা দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
