বালাগঞ্জে এক শিশু ধর্ষণ মামলায় সুমেল খাঁ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত সুমেল খাঁ সিলেটের বালাগঞ্জ উপজেলার গোপকানু গ্রামের তৈমুছ খাঁ’র ছেলে। ২০০৭ সালে ঘটনার সময় তার বয়স ছিল ২২ বছর।
মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালের ৫ই নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে বালাগঞ্জ সদর হাসপাতালের দ্বিতীয় তলার ১৩ নম্বর মহিলা ওয়ার্ডে ১০ বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ৬ই নভেম্বর শিশুটির চাচা বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা করেন। রায়ের নির্দেশনা অনুযায়ী, জরিমানার পুরো ১০ লাখ টাকা ভুক্তভোগী ও তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আসামি জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থ আদায়ের জন্য সিলেটের জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত। বর্তমান সম্পদ থেকে জরিমানার অর্থ আদায় সম্ভব না হলে ভবিষ্যতে আসামির অর্জিত সম্পদ থেকেও তা আদায় করা যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
