জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলায় জিতেশ গোপের মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে হত্যার ঘটনায় আলোচিত মামলার রায় ঘোষণা করেছেন আদালত। হত্যার দায়ে অভিযুক্ত ফার্মেসি ব্যবসায়ী জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া হত্যার আলামত গোপনের চেষ্টার অপরাধে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন। জানা যায়, ২০২২ সালের ১৫ই ফেব্রুয়ারি ওষুধ কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সৌদি প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন জগন্নাথপুর পৌরশহরের মির্জা আব্দুল মতিন মার্কেটে অবস্থিত জিতেশ চন্দ্র গোপের ফার্মেসি থেকে জ্যোৎস্নার ছয় খণ্ডে বিভক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো উপজেলায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় জিতেশ চন্দ্র গোপের বিরুদ্ধে হত্যা ও অপরাধের আলামত গোপনের অভিযোগ আনা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডসহ পৃথক সাজা ঘোষণা করেন।

আদালতের নথি অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত জিতেশ চন্দ্র গোপ কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বাসিন্দা। তার বাবা যাদব চন্দ্র গোপ ও মা অনিতা রানী গোপ। তিনি জগন্নাথপুর পৌর শহরের সিএ মার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি মার্কেটে ফার্মেসি ব্যবসা পরিচালনা করতেন। রায়ের আদেশে উল্লেখ করা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। অনুমোদন না পাওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারের নির্ধারিত সেলে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।