কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক অনুষদের ডিন এবং সিন্ডিকেট সদস্য, বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তির দাবিতে বলেছেন, অপ্রতিমের বাবাকে এখন আদালতে ঘুরতে হচ্ছে। তার ভাষায়, যতদিন এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হবে, ততদিন তারা রাস্তায় থাকবেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। তিনি জানান, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্তদের দৃষ্টি আকর্ষণের জন্য শান্তিপূর্ণভাবে কর্মসূচি অব্যাহত রাখা হবে।
অধ্যাপক মিলকী স্পষ্ট করে বলেন, ‘অপ্রতিম হত্যার ব্যাপারে কোনো প্রহসনমূলক বিচার আমরা মানবো না।’ অভিযুক্তদের সংশোধনাগারে পাঠিয়ে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো প্রচেষ্টাও তারা প্রত্যাখ্যান করেন। তিনি আরও বলেন, আমরা বাংলা বিভাগ পরিবার প্রথম থেকেই সোচ্চার আছি। যতদিন পর্যন্ত অপ্রতিম হত্যার বিচার না হবে এবং খুনিদের ফাঁসি না হবে, ততদিন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে যাবো।
