কিশোরগঞ্জে ডোপ টেস্টে পজিটিভ পুলিশ সদস্য

কিশোরগঞ্জে ডোপ টেস্টে পজিটিভ পুলিশ সদস্য

ফন্ট সাইজ:

ডোপ টেস্টে মো. ওসমান গনি নামে কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সদস্যের মাদক গ্রহণের তথ্য ধরা পড়েছে। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার ডোপ টেস্ট করা হয়। এতে তার রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ওই পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হয়। এতে রিপোর্ট পজিটিভ এসেছে। রিপোর্টটি পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। জানা গেছে, ডোপ টেস্টে পজিটিভ হওয়া পুলিশ সদস্য ওসমান গনি ঢাকা জেলার ধামরাই থানার সাহাবেলীশ্বর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি একজন ড্রাইভার কনস্টেবল।

পুলিশ সদস্য ওসমান গনির ডোপ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মাদকের ব্যাপারে জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ নীতি। পুলিশ সদস্যদের ক্ষেত্রেও এ নীতি সমভাবে প্রযোজ্য। মাদকের সঙ্গে জেলা পুলিশের কোনোভাবেই ন্যূনতম সংযোগও নেই- আমরা এটি নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ কারণে আমার যাদেরকে সন্দেহ হচ্ছে, তাদেরকেই ডোপ টেস্ট করাচ্ছি। এর ধারাবাহিকতায় মঙ্গলবার কনস্টেবল মো. ওসমান গনির ডোপ টেস্ট করানো হয়। এখন এই পুলিশ সদস্য ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।