ফুটবল খেলাকে কেন্দ্র করে ওসমানীনগরের তাজপুরে দুই গ্রামের সংঘর্ষে থানার ওসিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে উপজেলার তাজপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইনডোর মাঠে ফুটবল খেলা নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তাজপুর বাজারে ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে খাদিমপুর ও চান্দপুর গ্রামের লোকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে সালিশের উদ্যোগ নেয়া হলেও সিদ্ধান্ত না মানায় একপর্যায়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রথমে অল্পসংখ্যক লোকজনের মধ্যে মারামারি শুরু হলেও পরে উভয়পক্ষের শত শত মানুষ এতে জড়িয়ে পড়েন। এ সময় লাঠিসোটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করা হয়। সংঘর্ষ চলাকালে অনেকে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে অবস্থান নেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত কয়েকজনকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, তাজপুর বাজারে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমিসহ কয়েকজন পুলিশ আহত হয়েছি। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে নিয়ে আসে।
