গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কলেজ মোড় এলাকায় প্রেমের সম্পর্কের জেরে ক্লাস ৯ এর এক কিশোর ও এক সন্তানের জননীর মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের সদস্যরা তাদের সম্পর্ক মেনে না নেয়ায় তারা জমিতে ব্যবহারের জন্য রাখা গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার উপজেলার পূর্ব রাঘবপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, ওই গ্রামের আজাদুল ইসলামের ছেলে আল আমিন মিয়া (১৫) ও পদুম শহর জোর ডোবা গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী এবং দক্ষিণ শ্যামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে তাসলিমা আক্তার তাজমিন (২৫)। স্থানীয়রা জানান, কিশোর আল আমিন মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে এক সন্তানের জননী তাসলিমা আক্তার তাজমিনের গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই একপর্যায়ে রোববার (১১ অক্টোবর) তাজমিন বিয়ের দাবি নিয়ে আল আমিনের বাড়িতে ওঠেন। এ সময় আল আমিনের পরিবারের লোকজন মেনে না নেয়ায় সোমবার আল আমিন ও তাজমিন দু’জনে ক্ষেতের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খান।
এরইমধ্যে টের পেয়ে তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কিছুক্ষণ পর দু’জনে মারা যায়। এ অবস্থায় কৌশলে আল আমিনের মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা। আর তাজমিনের মরদেহ পড়ে থাকে হাসপাতালে। পরে ঘটনাটি জানাজানি হলে খবর পেয়ে পূর্ব রাঘবপুর গ্রামের বাড়ি থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, এ ঘটনার খবর পেয়ে আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
