ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া বাশারুক গ্রামে ৩০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এতে ২৫টি পরিবারের দুই শতাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের চলাচলে ভোগান্তি বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, মৃত আবদার আলীর দুই ছেলে আব্দুল হক ও মজিবুর রহমান বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। ফলে বিকল্প পথ না থাকায় শিক্ষার্থীদের দীর্ঘ পথ ঘুরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে।
জরুরি চিকিৎসাসেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অভিযোগের বিষয়ে আব্দুল হক বলেন, আমার ১৮ শতাংশ জায়গা এখানে রয়েছে। রাস্তাটির দুই পাশের লোকজন জায়গা না ছাড়লে আমি কেন ছাড়বো? তাই আমার জায়গায় আমি বেড়া দিয়েছি। অপর অভিযুক্ত মজিবুর রহমান বলেন, দাতারা আমাদের পুকুরে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে এবং আমাদের নামে মামলা দিয়ে হয়রানি করেছে। এর প্রতিকার কে করবে?’ এ অবস্থায় রাস্তাটি উন্মুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
