সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিম্নমানের কাজ দেখে রেলমন্ত্রীর অসন্তোষ

সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিম্নমানের কাজ দেখে রেলমন্ত্রীর অসন্তোষ

ফন্ট সাইজ:

‘এমন নিম্নমানের কাজ করার চেয়ে রেলকোচ সংস্কারকাজ একেবারেই বন্ধ করে দেয়া হোক’- নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেলকোচের জানালা সংস্কারকাজের মান দেখে এভাবেই চরম ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গিয়ে সংস্কারকাজের মান প্রত্যক্ষ করে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সূফী নূর মোহাম্মদকে উদ্দেশ্য করে কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। সংস্কারকাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে শেখ রবিউল আলম বলেন, ‘এত বড় একটি কারখানায় রেলওয়ে কোচ সংস্কারকাজের মান এত নিম্নমানের, এখানে নিজে না এলে তা কোনোভাবেই বুঝতে পারতাম না। এ ধরনের কাজ দেখার পর এখানকার কর্মকর্তা ও শ্রমিকদের যোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়।’
বিভাগীয় তত্ত্বাবধায়ককে উদ্দেশ্য করে মন্ত্রী আরও বলেন, ‘এখানে জানালার যেভাবে সংস্কার করা হচ্ছে, এর চেয়ে অনেক ভালো কাজ ছোটখাটো যেকোনো ওয়ার্কশপেও করা সম্ভব।

আপনার নিজের বাড়ির জানালার সংস্কারকাজ হলে কি এভাবে অবহেলাভরে করতেন?’ পরিদর্শনকালে মন্ত্রী কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় যাত্রীসেবার মান বাড়াতে রেলকোচ সংস্কারকাজে ব্যবহৃত সামগ্রী ও কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন- রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) আহম্মদ হোসেন মাসুম। মন্ত্রী রেলের কোচ মেরামত, পুনঃনির্মাণ এবং খুচরা যন্ত্রাংশ তৈরির প্রতিটি পর্যায়ে গুণগত মান বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

এসব কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার কিংবা অবহেলা গ্রহণযোগ্য হবে না বলেও নির্দেশনা দেন তিনি। ক্যারেজ শপ পরিদর্শন শেষে রেলমন্ত্রী সেলুন কার, বগি শপ ও পেইন্ট শপ ঘুরে দেখেন। এসব বিভাগের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেয়ার পাশাপাশি মেরামত ও উৎপাদনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে মন্ত্রী বলেন, রেলের আধুনিকায়ন এবং যাত্রীসেবার মান উন্নয়নে সৈয়দপুর রেলওয়ে কারখানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারখানায় কোচ মেরামত ও পুনঃনির্মাণের কাজে কোনো ধরনের অবহেলা কিংবা নিম্নমানের উপকরণ ব্যবহার বরদাশ্‌ত করা হবে না।