ক্যাচ ও রান আউটের খেসারত দিলো বাংলাদেশ

আবুধাবি টেস্ট ড্র

ক্যাচ ও রান আউটের খেসারত দিলো বাংলাদেশ

ফন্ট সাইজ:

সহজ জয়ের সামনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত আফগানিস্তানকে হারাতে পারলো না বাংলাদেশ। ৪৭৯ রানের বড় লক্ষ্য দেওয়ার পরও আফগান ব্যাটারদের  প্রতিরোধের কাছে আটকে গেছে টাইগারদের জয়। শেষ দিনে আফগানিস্তানের সব উইকেট ফেলতে না পারায় ম্যাচটি ড্র দিয়ে শেষ হয়েছে। ড্র করার পর আফগান খেলোয়াড়দের আনন্দ দেখে মনে হচ্ছিল, এটি তাদের কাছে জয়ের চেয়েও বড় কিছু। অন্যদিকে ভালো সুযোগ হাতছাড়া হওয়ায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের মুখে ছিল স্পষ্ট হতাশার ছাপ।


চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ দেখেশুনে খেলতে থাকে আফগানিস্তান। নির্ধারিত সময়ের মধ্যে ১৪২ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৩৪৬ রান তোলে তারা।

বাংলাদেশের জয়ের সবচেয়ে বড় বাধা ছিলেন আফগান ওপেনার সেদিকুল্লাহ অটল। তিনি ৩৩২ বল খেলে ১১১ রানের  ইনিংস উপহার দেন। শুধু সেদিকুল্লাহ একাই নন, অন্য ব্যাটাররাও উইকেটে টিকে থাকার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। দলের জন্য রান তোলার চেয়ে উইকেটে পড়ে থাকাকেই বেশি গুরুত্ব দেন তারা।  ইসমত আলম ৬০ বল খেলে মাত্র ৪ রান করেন।

ম্যাচের শেষ দিকে বাংলাদেশকে কিছুটা আশার আলো দেখান স্পিনার তাইজুল ইসলাম। ১১৯তম ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহকে ফেরান তিনি। তাইজুলের বল ব্যাটে-প্যাডে লেগে সরাসরি শর্ট লেগে দাঁড়ানো ফিল্ডারের হাতে যায়। এরপর মেহেদী হাসান মিরাজও ৮৫ বলে ১৯ রান করা ইয়ামিন আহমদজাইকে আউট করেন।

৮ উইকেট পড়ার পর ম্যাচ বাংলাদেশের হাতের মুঠোয় চলে এসেছে বলে মনে হয়েছিল। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি বোলাররা। শেষ দিকে ৪০ বলে ৪৯ রানের দ্রুতগতির ইনিংস খেলে অপরাজিত থাকেন কাইস আহমেদ। তাকে সঙ্গ দিয়ে জিয়া-উর রহমান ১২ বল খেলে কোনো রান না করে দিন শেষ করেন। ফলে শেষ পর্যন্ত উইকেট না হারিয়ে ম্যাচ ড্র করতে সফল হয় আফগানিস্তান।




​