অবরুদ্ধ চুয়েট ভিসিকে উদ্ধার করলেন ডিসি-এসপি

অবরুদ্ধ চুয়েট ভিসিকে উদ্ধার করলেন ডিসি-এসপি

ফন্ট সাইজ:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অবরুদ্ধ ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলমকে উদ্ধার করে ক্যাম্পাসের বাইরে নিয়ে গেছে জেলা প্রশাসন ও পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমের উপস্থিতিতে তাকে প্রশাসনিক ভবন থেকে বের করে আনা হয়। পরে পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন তিনি।

তবে ভিসিকে ক্যাম্পাস ছাড়তে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি শর্ত দেন। প্রশাসনিক ভবন থেকে তাকে বের করে আনার পর এক শিক্ষার্থী মাইকে ঘোষণা দেন, ভিসিকে ক্যাম্পাস থেকে বের হতে দেয়া হচ্ছে এই শর্তে যে তিনি আর চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। ভিসিকে অ্যাম্বুলেন্সে তোলার সময় শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

এর আগে মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ভিসিকে উদ্ধার করতে চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জেলা প্রশাসক বলেন, ‘একজন সম্মানিত শিক্ষক আমাদের কাছে নিরাপত্তা চেয়েছেন, চিকিৎসার জন্য বলেছেন। তাকে আমরা নিয়ে যেতে এসেছি। তাকে হাসপাতালে ভর্তি করা হবে।’ তবে ভিসিকে কোন হাসপাতালে নেয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সোমবার সকালে প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নবনিযুক্ত ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম। তার ক্যাম্পাসে প্রবেশের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ, ভিসি বহিরাগত ব্যক্তিদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এর প্রতিবাদে তারা পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করেন। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে তাকে অবরুদ্ধ রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এরপর থেকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন ভিসি।

ভিসি নিয়োগকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে অচলাবস্থা চলছে। সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে মুখোশ মিছিল, চোখ বাঁধা প্রতিবাদ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা। একপর্যায়ে ক্লাস-পরীক্ষা বর্জন এবং বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক বন্ধের কর্মসূচি ঘোষণা করা হয়।