মার্কিন সামরিক অবরোধ সত্ত্বেও চলতি বছরের প্রথমার্ধে ৫০ লাখ টনের বেশি জ্বালানি পণ্য রপ্তানি করার দাবি করেছে ইরান। দেশটির সর্ববৃহৎ বাণিজ্যিক বন্দর ‘শহীদ রাজায়ি’ থেকে এই বিপুল পরিমাণ পেট্রোলিয়াম পণ্য বিদেশে পাঠানো হয়েছে। ইরানের হরমোজগান পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের (পিএমও) বরাত দিয়ে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।
সংস্থাটির মহাপরিচালক হোসেইন আব্বাসনেজাদ জানান, অন্যায় যুদ্ধ এবং তীব্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি বছরের প্রথম ছয় মাসে এই বন্দর থেকে ৫১ লাখ ৪০ হাজার (৫.১৪ মিলিয়ন) টন জ্বালানি পণ্য রপ্তানি করা হয়েছে।
ইরানের ওপর মার্কিন ও ইসরাইল আগ্রাসন বন্ধে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর, গত এপ্রিলে ইরানের বন্দরগুলোর ওপর সামরিক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।
এছাড়া মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন ইরানের অপরিশোধিত তেল, তেলজাত পণ্য এবং পেট্রোকেমিক্যাল পরিবহনের অভিযোগে বেশ কয়েকজন ব্যক্তি, নেটওয়ার্ক এবং ১৭টি জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব কঠোর পদক্ষেপ ও সামরিক অবরোধ সত্ত্বেও জ্বালানি রপ্তানি অব্যাহত রাখার দাবি করল তেহরান।
