ফ্রান্সে হ্যাক করে বাড়িয়ে দেয়া হয় সুপারশপগুলোর ফ্রিজের তাপমাত্রা, বিপুল খাবার নষ্ট

ফ্রান্সে হ্যাক করে বাড়িয়ে দেয়া হয় সুপারশপগুলোর ফ্রিজের তাপমাত্রা, বিপুল খাবার নষ্ট

ফন্ট সাইজ:

ফ্রান্সের শত শত সুপারমার্কেটের ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা। সাইবার হামলায় ফ্রিজগুলোতে আগুন ধরে যায় এবং এতে বিপুল পরিমাণ খাবার নষ্ট হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

সুপারমার্কেটগুলোর রেফ্রিজারেশন সিস্টেম হ্যাক করে তাপমাত্রা বাড়িয়ে দেয় হ্যাকাররা। অনেক জায়গায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এতে বিভিন্ন দোকানে সংরক্ষিত খাবার নষ্ট হওয়ার পাশাপাশি আগুন লাগার ঘটনাও ঘটেছে। সোমবার শীর্ষ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্টারমার্শে, কো-অপারেটিভ ইউ, ই. ল্যক্লের্কসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান এই সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, এই হামলার পর ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্ন ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সিকে (এএনএসএসআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিএফএম টিভির তথ্যমতে, হ্যাকাররা দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে অসংখ্য স্টোরের রেফ্রিজারেশন সিস্টেমের বরফ গলানোর প্রক্রিয়া চালু করে দেয়। এর ফলে তাজা এবং হিমায়িত পণ্যের মজুত পুরোপুরি নষ্ট হয়ে যায়।
সুপারমার্কেটগুলোর রেফ্রিজারেটর এবং ফ্রিজারগুলো সাধারণত কন্ট্রোল প্যানেলের মাধ্যমে পরিচালিত হয়। ইন্টারনেট সংযোগ থাকায় রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলো যেকোনো জায়গা থেকে এগুলো নিয়ন্ত্রণ করতে পারে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রটি জানায়, ড্যানিশ কোম্পানি ড্যানফসের সরবরাহ করা সফটওয়্যারে একটি ত্রুটি খুঁজে পেয়েছে এএনএসএসআই। ড্যানফস জানিয়েছে, ফ্রান্সে সীমিতসংখ্যক রেফ্রিজারেশন ম্যানেজমেন্ট সিস্টেমে এই ঘটনার বিষয়ে তারা অবগত। কোম্পানিটি আরও জানায়, আক্রান্ত ইউনিটগুলোতে পুরোনো ফার্মওয়্যার চলছিল। তারা দীর্ঘদিন ধরেই গ্রাহকদের সিস্টেম আপডেট রাখা এবং পুরোনো সরঞ্জাম বদলে ফেলার পরামর্শ দিয়ে আসছিল।

গত ৯ই আগস্ট সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্ল্যারোটি একটি গবেষণায় ড্যানফসের সিস্টেমের দুর্বলতার কথা তুলে ধরেছিল, যার মাধ্যমে হামলাকারীরা সহজেই সিস্টেমের নিয়ন্ত্রণ নিতে পারে। এই গবেষণা প্রকাশের পরপরই এই হামলার ঘটনা ঘটল। ফ্রান্সের খুচরা বিক্রেতাদের ফেডারেশন (এফসিডি) এ বিষয়ে ড্যানফসের কাছে পূর্ণ স্বচ্ছতা দাবি করেছে। তারা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কয়েকটি দোকান এরই মধ্যে পুনরায় চালু হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেকুইয়া থ্রেট ডিটেকশন অ্যান্ড রিসার্চের জ্যেষ্ঠ সাইবার হুমকি বিশ্লেষক ফেলিক্স এইমে রয়টার্সকে জানান, এই হামলায় স্পেন, পর্তুগাল, পোল্যান্ড, জার্মানি এবং বেলজিয়ামও ক্ষতিগ্রস্ত হয়েছে।