ট্রাম্পের সিজফায়ার মানছে না রাশিয়া

ট্রাম্পের সিজফায়ার মানছে না রাশিয়া

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের ছয়টি জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প গত রোববার যুদ্ধবিরতি ‘অবিলম্বে কার্যকর’ হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে তা উপেক্ষা করেই রাশিয়া এসব হামলা চালায় বলে অভিযোগ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

জেলেনস্কি বলেন, রাশিয়া তাদের গ্যাস স্টেশন, জ্বালানি অবকাঠামো এবং অন্যান্য স্থাপনায় আঘাত হেনেছে। সারা দেশের জ্বালানি স্থাপনাগুলোতে চালানো এসব হামলায় অন্তত ৩৩ জন আহত হয়েছেন। ফক্স নিউজকে জেলেনস্কি বলেন, আমরা কোনো হামলা চালাইনি, কিন্তু রাশিয়া আমাদের গ্যাস স্টেশন ও জ্বালানি অবকাঠামোতে আঘাত করেছে। আমি মনে করি এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে দেয়া পুতিনের জবাব। ইউক্রেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউকরিনফর্ম জানান, রাশিয়ার হামলায় বিদ্যুৎ গ্রিড ধ্বংস হয়ে যাওয়ায় ইজিউম শহরে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। এছাড়া পশ্চিম ইউক্রেনের জ্বালানি ও রেল অবকাঠামোতেও রাতভর হামলা চালানো হয়েছে।

সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, যুদ্ধবিরতির মাধ্যমে যে ‘স্বস্তি’ পাওয়ার কথা, ইউক্রেন তার যোগ্য নয়। অন্যদিকে ইউক্রেনের রাষ্ট্রীয় গ্রিড অপারেটর ইউকরেনেরগো জানিয়েছে, রুশ হামলায় জ্বালানি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় খারকিভ, দোনেৎস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে নতুন করে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত সরঞ্জামের ওপর অতিরিক্ত চাপ এড়াতে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন, এই হামলাগুলোই প্রমাণ করে যে রাশিয়া জ্বালানি যুদ্ধবিরতি মেনে নিতে অনিচ্ছুক। সোমবার সন্ধ্যায় কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, দারনিৎস্কি জেলায় একটি ২৫ তলা আবাসিক ভবনে ড্রোন হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

রোববার ডনাল্ড ট্রাম্প যখন প্রথম যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন, তখন জেলেনস্কি জানিয়েছিলেন এমন কোনো চুক্তি কার্যকরের খবর তার কাছে নেই। তবে তিনি শর্তসাপেক্ষে একে স্বাগত জানিয়ে বলেন, যুদ্ধ বন্ধের পথে এটি বড় পদক্ষেপ হতে পারে যদি যুক্তরাষ্ট্র নিশ্চিত করে যে রাশিয়া এটি মেনে চলবে। যুদ্ধবিরতি নিয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা রাজি হয়েছে কারণ আমি তাদের রাজি হতে বলেছি। এই যুদ্ধের সমাধান হওয়া দরকার।

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম বাড়তে থাকায় গত শুক্রবার যুক্তরাষ্ট্র রাশিয়ান ডিজেল আমদানির এক পরিকল্পনার ঘোষণা দেয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সোমবার বলেন, যুদ্ধবিরতি যদি কার্যকর হয় তবেই তারা একে স্বাগত জানাবেন, কারণ রাশিয়া এটি মেনে চলবে কি না তা এখনও স্পষ্ট নয়।