প্রতিটি মামলার পেছনে থাকে মানুষ ও পরিবার, মানবিকতা দিয়ে বিচার নিশ্চিত করতে হবে: অ্যাটর্নি জেনারেল
ফাইল ছবি

প্রতিটি মামলার পেছনে থাকে মানুষ ও পরিবার, মানবিকতা দিয়ে বিচার নিশ্চিত করতে হবে: অ্যাটর্নি জেনারেল

ফন্ট সাইজ:

মামলার নথি বা ফাইলের পেছনে একজন মানুষ, একটি পরিবার কিংবা একটি সমাজের ভাগ্য জড়িয়ে থাকে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সব সময় মানবিকতা এবং আইনি সিদ্ধান্তের পরিণতি অনুধাবন করে দায়িত্ব পালন করতে হবে।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘এজিও–ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম’ (AGO–UNDP Internship Programme)-এর দ্বিতীয় ব্যাচের সমাপনী ও তৃতীয় ব্যাচের ইন্টার্নদের বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইন পেশাকে গভীর দায়িত্বশীলতার পেশা—উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আইন কেবল কিছু ধারা, বিধান বা নজিরের সমষ্টি নয়; এটি মানুষের অধিকার রক্ষা, বিরোধ নিষ্পত্তি, ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মর্যাদা সহকারে প্রতিটি নাগরিকের সুবিচার পাওয়ার একটি মাধ্যম। তিনি ইন্টার্নদের উদ্দেশ্য করে বলেন, ভবিষ্যৎ আইনজীবী, গবেষক বা নীতিনির্ধারক হিসেবে পেশাগত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি তিনি বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর (AI) অগ্রগতির বিষয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সাংবিধানিক দায়িত্ব তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে এই কার্যালয়ের কাজ শুধু আদালতে সরকারের প্রতিনিধিত্ব করাই নয়; বরং সাংবিধানিক শাসন সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনস্বার্থ রক্ষা এবং বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখাও এর অন্যতম দায়িত্ব।

অনুষ্ঠানে তিনি ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন এবং ধারাবাহিক পার্টনারশিপের জন্য ধন্যবাদ জানান। বিশেষ করে এই কর্মসূচি সফল করতে অবদান রাখা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ইন্টার্নদের প্রতি তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই অভিজ্ঞতা তরুণদের পেশাগত জীবনে আরও দক্ষ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় একনিষ্ঠ হতে সহায়তা করবে।