বিমানে ছারপোকার উপদ্রবে বাতিল কোয়ান্টাসের ফ্লাইট!

বিমানে ছারপোকার উপদ্রবে বাতিল কোয়ান্টাসের ফ্লাইট!

ফন্ট সাইজ:

বিমানে ছারপোকার উপদ্রব। একের পর এক এমন অভিযোগ । এ কারণে ইতালি থেকে অস্ট্রেলিয়াগামী কোয়ান্টাস এয়ারলাইনসের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে শনিবার। উপদ্রবের বিষয়টি শনাক্ত হওয়ার পর বিমানটি কঠোরভাবে পরিষ্কার করার জন্য গ্রাউন্ডেড বা উড্ডয়ন থেকে বিরত রাখা হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এর আগের দিন শুক্রবার পার্থ থেকে রোমগামী প্রায় ১৭ ঘণ্টার দীর্ঘ যাত্রায় কয়েকজন যাত্রী অভিযোগ করেন, বিমানের ছারপোকা তাদের কামড়াচ্ছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, ছারপোকার কামড়ে সৃষ্ট চুলকানি কমাতে যাত্রীদের অ্যান্টিহিস্টামিন ওষুধ দেয়া হয়। তবে একপর্যায়ে ওষুধের সরবরাহও শেষ হয়ে যায়। ঘটনার পর বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটিকে গভীরভাবে পরিষ্কারের জন্য বসিয়ে রাখা হয়। কোয়ান্টাসের এক মুখপাত্র বলেন, শনিবারের রোম থেকে পার্থগামী ফ্লাইট বাতিল হওয়ায় আমরা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইকোনমি শ্রেণির অল্প কয়েকটি আসনে সমস্যা শনাক্ত হওয়ার পর বিমানটির প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ দলকে গভীরভাবে পরিষ্কারের কাজ করার সুযোগ দিতেই ফ্লাইটটি বাতিল করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সব যাত্রীর জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। পাশাপাশি তাদের নির্ধারিত যাত্রার সময়ের ৪৮ ঘণ্টার মধ্যে বিকল্প ফ্লাইটে বুকিং দেয়া হয়েছে।
ছারপোকার কামড়ে চুলকানি, নির্মূল করাও কঠিন: ছারপোকা ছোট আকারের ডানাবিহীন পরজীবী। পোশাক, আসবাবপত্র ও বিছানাপত্রে এরা বাসা বাঁধতে পারে। ছারপোকার কামড়ে তীব্র চুলকানি হতে পারে। তবে সাধারণত এর ফলে গুরুতর স্বাস্থ্যসমস্যা দেখা দেয় না বলে জানিয়েছে বৃটেনের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস। তবে ছারপোকা নির্মূল করা বেশ কঠিন ও ব্যয়বহুল হতে পারে। এদের দূর করতে বিছানার চাদর, পোশাক, পর্দাসহ ঘরের বিভিন্ন কাপড় গরম পানিতে ধুয়ে ড্রায়ারে শুকানোর পরামর্শ দেয়া হয়। বিকল্প হিসেবে এসব সামগ্রী প্লাস্টিকের ব্যাগে ভরে তিন থেকে চার দিন ফ্রিজারে রাখা যেতে পারে।
ছারপোকার কারণে পরিবহন বিপর্যয় নতুন নয়: যাতায়াতের মাধ্যমগুলোতে ছারপোকার উপদ্রবের কারণে বিপর্যয় সৃষ্টির ঘটনা অবশ্য নতুন নয়। দুই সপ্তাহেরও কম সময় আগে ইংল্যান্ডে সাউদার্ন রেলওয়ের কয়েকটি ট্রেন পরিষেবা বাতিল করা হয়। ট্রেনচালকরা চালকের কক্ষে ছারপোকার মতো পোকা দেখতে পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৭ সালে কানাডার ভ্যাঙ্কুভার থেকে লন্ডনগামী বৃটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ছারপোকার কামড়ে এক পরিবারের সদস্যরা আক্রান্ত হন। রাতভর যাত্রার পর তাদের শরীরে অসংখ্য পোকার কামড়ের দাগ দেখা যায়। এ ঘটনায় পরে ক্ষমা চায় বিমান সংস্থাটি। এদিকে গত বছর টার্কিশ এয়ারলাইনসও ছারপোকার উপদ্রব নিয়ে বড় ধরনের ভাবমূর্তির সংকটে পড়ে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে সংস্থাটির কয়েকটি বিমানে ছারপোকার উপদ্রবের একাধিক ঘটনার কথা প্রকাশ করা হয়। সে সময় অভিযোগ ওঠে, সমস্যা সমাধানে বিমান সংস্থাটি যথাযথ পদক্ষেপ নেয়নি। কোয়ান্টাসের সাম্প্রতিক এ ঘটনা আবারও বিমানযাত্রায় পরিচ্ছন্নতা ও যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার বিষয়টি সামনে নিয়ে এসেছে। দীর্ঘপথের ফ্লাইটে ছারপোকার মতো ছোট পরজীবীর উপদ্রবও কীভাবে বড় ধরনের ভোগান্তি তৈরি করতে পারে, তা এ ঘটনায় স্পষ্ট হয়েছে।