সকালে হাঁটতে বের হয়েছিলে স্বামী-স্ত্রী, গাড়ি চাপায় মৃত্যু

সকালে হাঁটতে বের হয়েছিলে স্বামী-স্ত্রী, গাড়ি চাপায় মৃত্যু

ফন্ট সাইজ:

কুমিল্লার দাউদকান্দিতে গাড়ি চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের কাছে এ ঘটনা ঘটে। তারা সকালে হাঁটতে বের হয়েছিলেন।

নিহতরা হলেন—নজরুল ইসলাম (৬২)। তিনি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে এবং তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
জানা যায়, নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম মহাসড়কের এক পাশে দিয়ে প্রাতঃভ্রমণ করছিলেন। ফজরের নামাজ পড়ে জিংলাতলী গ্রামের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে মহাসড়ক দিয়ে গৌরীপুর ইউনিয়নের হরিপুরের দিকে যাচ্ছিলেন। হাটার সময় হটাৎ অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়।

প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা দুইজনকে পড়ে থাকতে দেখে। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমলাল দাস বলেন, ‘অজ্ঞাত গাড়ির চাপায়  স্বামী ও  স্ত্রীর মৃত্যু হয়েছে। মহাসড়কের সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করতে চেষ্টা চালানো হবে।’