সশস্ত্র যোদ্ধাদের নিয়ে একটি পিকআপ ট্রাকে চড়ে মরুভূমির মধ্য দিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছিলাম আমরা। সঙ্গে ছিল ইয়েমেনের সরকারপন্থি বাহিনী। পথে কখনো চোখে পড়ছিল আরব সাগরের ঝলক, কখনো দূরে দেখা যাচ্ছিল ভয় জাগানো পাহাড়ের চূড়া। আমাদের জানানো হলো, মাত্র কয়েক দিন আগেই এই এলাকা থেকে হুতি বিদ্রোহীদের হটিয়ে দেয়া হয়েছে। বিস্তীর্ণ জনমানবহীন মরুভূমি দখল নিয়ে লড়াই চললে যুদ্ধের অগ্রগতি চোখে পড়া কঠিন। তবে লাহিজ প্রদেশের শাব-আল-জিন এলাকায় সেনারা আমাদের বালুর বস্তা দিয়ে তৈরি নতুন প্রতিরক্ষা অবস্থান দেখালেন। বালুর ওপর টানা হয়েছে যুদ্ধের নতুন সীমারেখা।
ছদ্মবেশী সামরিক পোশাক পরা দাড়িওয়ালা কমান্ডার তৌফিক আল-হাবুন বললেন, এখানে ব্যাপক লড়াই হয়েছে। তিনি বলেন, ‘তাদের কাছে স্নাইপার, কামান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা আছে।’
মধ্যপ্রাচ্যের এই প্রত্যন্ত অঞ্চলে এমন এক যুদ্ধ চলছে, যার পরিণতি বিশ্বজুড়ে অনুভূত হতে পারে। ইয়েমেনের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধকে এখন আর উপেক্ষা করার সুযোগ নেই। এই সংঘাত বৃহত্তর এক যুদ্ধের অংশ, যার বিস্তৃতি তেহরান থেকে রিয়াদ পর্যন্ত। চলতি সপ্তাহান্তেই সৌদি আরবের রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। ইতিমধ্যে বৈশ্বিক নৌবাণিজ্যের জন্য হুমকি হয়ে ওঠা ইয়েমেনের হুতি যোদ্ধারা এখন সৌদি আরবের জন্যও ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠছেন। একই সঙ্গে সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের হাতে তাদের অবস্থান একটি গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার হিসেবে কাজ করছে।
তৌফিক আল-হাবুন তার পায়ের কাছে পড়ে থাকা ফাইবার গ্লাসের টুকরো ও ধাতব খণ্ড দেখালেন। তার দাবি, এগুলো হুতিদের একটি ভূপাতিত ড্রোনের অংশ। ড্রোনটিতে সি-ফোর বিস্ফোরক বহন করা হচ্ছিল বলেও জানান তিনি। কমান্ডার আল-হাবুন দক্ষিণাঞ্চলীয় বাহিনীর সদস্য। এই বাহিনী ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে হুতিদের বিরুদ্ধে লড়াইরত বিভিন্ন গোষ্ঠীর একটি শিথিল, বরং অত্যন্ত শিথিলজোটের অংশ। সৌদি আরব এই সরকারকে সমর্থন দিচ্ছে এবং হুতিদের বিরুদ্ধে বিমান হামলাও চালিয়েছে।
২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখল করে সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর পরের বছর হুতিদের হটানোর লক্ষ্যে সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি আরব দেশ সামরিক হস্তক্ষেপ করে। বছরের পর বছর ভয়াবহ বিমান হামলা চালিয়েও অবশ্য সেই লক্ষ্য অর্জন করা যায়নি।
কৌশলগত প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে লড়াই: কমান্ডার আল-হাবুন আমাদের জানান, লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বাব আল মান্দেব প্রণালির ওপর নজরদারির সুবিধা রয়েছে। এমন উঁচু এলাকায় এখনো প্রায় ৫০০ হুতি যোদ্ধা অবস্থান করছেন। তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংকীর্ণ জলপথটি আমাদের সফরের সময় সরাসরি দেখা যায়নি। তবে এর কৌশলগত গুরুত্ব পুরো অঞ্চলজুড়েই অনুভূত হচ্ছে। গত সেপ্টেম্বরে ঝোড়ো গতিতে অগ্রসর হয়ে হুতিরা এলাকাটি দখল করে নেয়। কমান্ডার আল-হাবুনের দাবি, সরকারপন্থি বাহিনী সেখানকার প্রায় ৮৫ শতাংশ এলাকা পুনর্দখল করেছে। অন্য কয়েকটি এলাকায় ভূখণ্ড হারানোর কথা হুতিরা অস্বীকার করেছে। তবে স্থানীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, এই এলাকার নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি তারা একইভাবে অস্বীকার করেনি। এলাকাটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে না পাওয়া পর্যন্ত বৈশ্বিক তেল সরবরাহ ও তেলের দামের ওপর চাপ অব্যাহত থাকবে।
আমাদের সফরের দিনই পরে সেখানে ব্যাপক সংঘর্ষের খবর পাই। জানা গেছে, হুতিদের পুঁতে রাখা অস্থায়ী বিস্ফোরকের আঘাতে পাঁচটি সামরিক যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কতজন যোদ্ধা নিহত বা আহত হয়েছেন, তা স্পষ্ট নয়।
জ্বালানির বাজারে উদ্বেগ, ইয়েমেনিদের সামনে ক্ষুধার ভয়: আন্তর্জাতিক জ্বালানির বাজারে যখন উদ্বেগ ছড়িয়ে পড়ছে, তখন নতুন করে সহিংসতা শুরু হওয়ায় ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হওয়া ক্লান্ত ইয়েমেনিদের সামনে দেখা দিয়েছে অনাহারের আশঙ্কা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতে নতুন করে সংঘাত তীব্র হওয়ার পর থেকে প্রায় দুই লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশটিতে এই মানবিক সংকট আরও গভীর হচ্ছে। এলাকা ছেড়ে বেরিয়ে আসার সময় আমরা দেখলাম, গাছপালাহীন রুক্ষ প্রান্তরে পরিবারগুলো ছড়িয়ে-ছিটিয়ে আশ্রয় নেয়ার চেষ্টা করছে। কয়েকটি শুকনো ও পাতলা গাছের নিচে ঠাঁই নিয়েছেন অনেকে। নারী ও শিশুদের একটি দলের মধ্যে দেখা হলো আয়েশার সঙ্গে। বয়স্ক এই নারীকে দেখাচ্ছিল অত্যন্ত শীর্ণ ও ক্লান্ত। তিনি মাটিতে বসেছিলেন। হুতিদের ড্রোন হামলায় আক্রান্ত কাহবুব পাহাড়ি এলাকায় নিজের বাড়ি ছেড়ে পালিয়েছেন তিনি। আয়েশা আমাকে বললেন, আমরা এখানে ৩০ দিন আছি। তিনি বলেন, আমার কোনো পশু নেই, টাকা নেই, পানি নেই, খাবার নেই, এমনকি গায়ে দেয়ার একটি কম্বলও নেই। আমাদের পালাতে হয়েছে। গায়ে যে কাপড় ছিল, তা ছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারিনি।
সপ্তাহান্তে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে পালানোর তাড়া ছিল বেসামরিক মানুষের। হুতিদের হামলা, এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী হামলা, পুরো অঞ্চলে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে। এতে সৌদি আরবের নিরাপত্তাবোধেও বড় ধরনের ধাক্কা লেগেছে।
হাসপাতালগুলোতে আহতদের ভিড়, চিকিৎসকদের বিরামহীন লড়াই: কিন্তু ইয়েমেনের বন্দরনগরী এডেনের হাসপাতালগুলোর অস্ত্রোপচার কক্ষে ভূরাজনীতির হিসাব-নিকাশ অনেক দূরের বিষয়। হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে। সম্মুখযুদ্ধ থেকে আসা সরকারপন্থি আহত যোদ্ধাদের চিকিৎসায় দিনরাত কাজ করছেন চিকিৎসকরা। আমরা একটি সামরিক হাসপাতাল পরিদর্শন করেছি, যেখানে এক দিনেই ৫১ জন আহত যোদ্ধাকে আনা হয়। তাদের অনেকের গুলিবিদ্ধ হওয়ার ক্ষত ছিল। কয়েকজনের হাত বা পা কেটে ফেলতে হয়েছে। রোগীতে ঠাসা একটি ওয়ার্ডে দেখা গেল, হুতি বাহিনীর এক যোদ্ধা শুয়ে আছেন বিপরীত পক্ষের যোদ্ধাদের পাশেই। চিকিৎসকরা জানালেন, রোগীর পরিচয় বা পক্ষ বিবেচনা করে তারা চিকিৎসা দেন না। চিকিৎসক বাসসাম হাজার বললেন, তিনি কোথা থেকে এসেছেন, তার পরিচয় কী কিংবা তার ধর্ম কী, এসব নিয়ে আমি চিন্তা করি না। তিনি একজন মানুষ। তাই একজন মানুষ হিসেবেই তার চিকিৎসা করা উচিত।
যুদ্ধ শেষ হলেও কেউ কেউ হয়তো কখনোই এর ভয়াবহ স্মৃতি থেকে মুক্ত হতে পারবেন না। এক ব্যক্তিকে দেখা গেল বিছানায় নীরবে বসে আছেন। তার বাঁ হাতের কাটা অংশে সাদা ব্যান্ডেজ বাঁধা। মাথার ওপরের দিকে অস্ত্রোপচারের ক্ষত বরাবর লাগানো রয়েছে সেলাইয়ের ক্লিপ। তবে অনেকের মধ্যেই লড়াইয়ে ফেরার দৃঢ় সংকল্প অটুট রয়েছে। তাদের একজন আহমেদ আলী মাহমুদ। শরীরের বিভিন্ন স্থানে একাধিক হাড় ভাঙলেও তিনি হাসিমুখে কথা বলছিলেন। তিনি বলেন, পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষায় আমি বসে নেই। আমি শুধু আবার দাঁড়াতে চাই। আমার মনে হয়, যুদ্ধে ফিরে যাওয়া ধর্মীয় দায়িত্ব এবং জাতীয় দায়িত্ব। হুতিরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। বিজয় অর্জন করতে পারলে আমার হাড় ভাঙার ব্যথাও আর অনুভব করব না।
ড্রোনের আঘাতে আহত ১২ বছরের আলী: পরের ওয়ার্ডে শুয়ে আছে ১২ বছরের শিশু আলী। বাদামি চুলের এই ছেলেটি ইয়েমেনের গৃহযুদ্ধের চেয়ে মাত্র এক বছরের বড়। রাস্তায় হাঁটার সময় ড্রোনের আঘাতে আহত হয়েছে সে। এখন তার সামনে জটিল অস্ত্রোপচারের চ্যালেঞ্জ। আলীর বিছানার পাশে দাঁড়িয়ে চিকিৎসক আমর রিয়াদ আসসাকাফ বললেন, তার মেরুদণ্ডের কাছে বিস্ফোরকের টুকরো রয়েছে। তিনি বলেন, অস্ত্রোপচারটি সহজ হবে না। তবে আল্লাহর ইচ্ছায় আমাদের চিকিৎসক দল এটি সামাল দিতে পারবেন। চিকিৎসক জানালেন, আলী শান্ত স্বভাবের ও কোমল মনের শিশু। তিনি বলেন, শুরুতে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তবে আমরা তাকে খেলার জন্য কিছু খেলনা দিয়েছি। ধীরে ধীরে তার মন ভালো হচ্ছে।
কিন্তু এই যুদ্ধ কি আলীর প্রাপ্তবয়স্ক জীবনেও ছায়া ফেলবে? ২০২২ সালে একটি যুদ্ধবিরতি চুক্তির ফলে কয়েক বছর তুলনামূলক শান্তি বজায় ছিল। কিন্তু এখন হুতিরা আরও শক্তিশালী প্রতিপক্ষে পরিণত হয়েছে। সপ্তাহান্তের হামলায় তারা নিজেদের সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। ইতিমধ্যে ইয়েমেনের অধিকাংশ জনবসতিপূর্ণ এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে মধ্যস্থতার উদ্যোগ নেয়া হলে, এমন সম্ভাবনা নিয়ে কিছু আলোচনা চলছে যে, হুতিরা কঠোর শর্ত আরোপ করতে পারে।
‘আমাদের শান্তি দরকার’: হাসপাতালে ফিরে দেখা গেল, আহতদের পরবর্তী ঢল সামলানোর প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসক বাসসাম হাজার। পরিবর্তনের প্রত্যাশা তার আছে। তবে অচিরেই পরিস্থিতি বদলাবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, হয়তো যুদ্ধ সংবাদমাধ্যমের জন্য ভালো খবর, কিন্তু মানুষের জন্য এটি ভয়াবহ। ছেলেরা তাদের বাবাকে হারাচ্ছে, মায়েরা হারাচ্ছেন তাদের সন্তানদের। আমাদের শান্তি দরকার।
(ওরলা গেরিন বিবিসির জ্যেষ্ঠ আন্তর্জাতিক সংবাদদাতা, দক্ষিণ-পশ্চিম ইয়েমেন। অনলাইন বিবিসি থেকে তার লেখার অনুবাদ)
বিবিসির সরজমিন প্রতিবেদন
ইয়েমেনের মরুভূমির রণক্ষেত্রে চলছে যুদ্ধ, প্রভাব পড়ছে বিশ্বজুড়ে
ওরলা গেরিন
বিশ্বজমিন
১ ঘন্টা আগে
১৩ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ১০ঃ০৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
