নারায়ণগঞ্জে ‘শীর্ষ সন্ত্রাসী' সাহেব আলীকে গুলি করে হত্যা

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘শীর্ষ সন্ত্রাসী' সাহেব আলী (৪০) গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সাহেব আলী ওয়াপদা কলোনির প্রয়াত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশের ভাষ্য, হত্যা, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনির বউবাজার এলাকায় নিজেদের মধ্যে কোন্দলের জেরে গোলাগুলি হয়। এ সময় সাহেব আলী গুলিবিদ্ধ হয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে যান।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় সাহেব আলীকে গ্রেপ্তারে অভিযান চালায় র‍্যাব-১১ (বর্তমানে এসআরবি)। এ সময় সাহেব আলীর বাহিনীর সদস্যরা র‍্যাবের ওপর হামলা চালায়। এতে কয়েকজন র‍্যাব সদস্য আহত হন।

এরপর ১৫ অক্টোবর সুনামগঞ্জ থেকে সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্তি পান তিনি।