দলের কেউ ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্ত করলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

দলের কেউ ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্ত করলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

ফন্ট সাইজ:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেছেন, আমরা চাই সঠিক পরিবার ফ্যামিলি কার্ড পাবে এবং এখানে ফ্যামিলি কার্ড নিয়ে কোন বিভেদ ও বিভক্তি করা হবে না । যদি দলের কেউ ফ্যামিলি কার্ড নিয়ে কোনও বিভ্রান্তি কিংবা কোনও কিছু করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে । গতকাল মিরপুর-১৩ এর ৪নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা-১৫ আসনের ফ্যামিলি কার্ড বিষয়ক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকে বলেন মাত্র ২৫০০ টাকা! আমরা বলি যদি কেউ সাহস করে বেশি পরিমাণ টাকা দিতে পারে তাহলে আরও বেশি করে দিয়ে দেখাক। সবাই কথা বলে বেশি কিন্তু জনগণের জন্য কাজ করে না।

প্রশাসক জানান, ১ হাজার ৯ শত ১৭ জন স্বেচ্ছাসেবক ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ ও সংরক্ষণে করবেন। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে যদি কোনও 'গুপ্ত' দলের কর্মীরা ভুল তথ্য বা কোন প্রকার বিভ্রান্ত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ডিএনসিসি প্রশাসক।

প্রশাসক আরও বলেন, অল্প সময়ের মধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিদিন রাস্তা ও ফুটপাত হকার মুক্ত করা হবে এবং নান্দনিক ফুটপাত উপহার দেয়া হবে নগরবাসীদের। আয়োজিত অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মকর্তারাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।