মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান লংটেং গার্মেন্ট

মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান লংটেং গার্মেন্ট

ফন্ট সাইজ:

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেড মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (মোংলা ইপিজেড) একটি তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপনের জন্য ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এ লক্ষ্যে সোমবার ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর সাথে প্রতিষ্ঠানটির একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মি. লি কিয়াংকিয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিলসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চীনা প্রতিষ্ঠানটি ১৬,৪২৬.৩৭ বর্গমিটার জমিতে কারখানা স্থাপন করবে, যেখানে বছরে ৬০ লাখ পিছ অন্তর্বাস ও ব্রা উৎপাদন করবে। এসব পণ্য এয়ারি, ক্যালভিন ক্লেইন, জারা, ফ্লোরেন্স অ্যান্ড ফ্রেড (টেসকো), এএসওএস এবং প্রাইমার্কের মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলোর জন্য রপ্তানির উদ্দেশ্যে তৈরি করা হবে। প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য ক্রেতাদের মধ্যে রয়েছে এইচঅ্যান্ডএম, ওয়ালমার্ট, এমঅ্যান্ডএস, গ্যাপ ইত্যাদি। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, আলজেরিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, চিলি, মেক্সিকো, ইরাক, জাপান এবং কানাডাসহ বিশ্বের বিভিন্ন বাজারে পণ্য রপ্তানির পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটিতে ৩,০০৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বেপজা ও বাংলাদেশের ওপর আস্থা রেখে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করায় লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেডকে ধন্যবাদ জানান। তিনি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ, অতিরিক্ত নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) ফজলুল হক মজুমদারসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মোংলা ইপিজেডে ৩৯টি প্রতিষ্ঠান চালু রয়েছে এবং ১০টি প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন রয়েছে। এ পর্যন্ত এই ইপিজেড হতে মোট রপ্তানি হয়েছে প্রায় ১৭০০ মিলিয়ন ডলার সমমূল্যের পণ্য, মোট বিনিয়োগের পরিমাণ ২৭১.৭৪ মিলিয়ন ডলার এবং কর্মসংস্থান হয়েছে ১৬,২১২ জন বাংলাদেশির।