প্রস্তুতিতে বাঁধন

প্রস্তুতিতে বাঁধন

ফন্ট সাইজ:

কিছুদিন আগেই জমকালো আয়োজনে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় ‘গুলশানের চামেলী’ সিনেমার। মোহাম্মদ ইকবাল পরিচালিত এ ছবিটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। ছবিটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন। আরেকটি কেন্দ্রীয় চরিত্রে থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ছবিটির ঘোষণা দেয়ার পর থেকেই বাঁধন ছবিটির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি একজন আইনজীবীর চরিত্রে এই ছবিতে অভিনয় করবেন। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো পুরোপুরি বাণিজ্যিক ছবির খাতায় নাম লিখিয়েছেন তিনি। এদিকে এই ছবির শুটিং শুরু হবে ডিসেম্বরে। এমনটাই জানিয়েছেন পরিচালক। তার আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন বাঁধন। চরিত্রটির জন্য যেমন প্রস্তুতি নেয়া দরকার তার সবই করছেন অভিনেত্রী।

অন্যদিকে ছবিটির গানের কাজসহ অন্যান্য কাজও এগিয়ে নেয়া হচ্ছে। এরই মধ্যে দু’টি গানের রেকর্ডিং শেষ হয়েছে। যার একটিতে কণ্ঠ দিয়েছেন নাজমুনি মুনিরা ন্যান্সি। জানা গেছে, পরিচালকের হাতে থাকা একটি সিনেমার কাজ নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন। সেটি শেষ করে ডিসেম্বরেই শুরু হবে ‘গুলশানের চামেলী’র শুটিং। ছবিটি নিয়ে বাঁধন বলেন, আমি চরিত্রটির পুরোটা খোলাসা করতে চাই না।

তবে প্রথমবারের মতো এমন চরিত্রে কাজ করছি। বাণিজ্যিক ছবি এটি। তাই পুরো অভিজ্ঞতাটাও ভিন্ন হবে। তবে আমি এখন প্রস্তুতিতে রয়েছি চরিত্রটির। আশা করছি, ভালো কিছু হবে। এদিকে পরিচালক এমডি ইকবাল মানবজমিনকে বলেন, বাঁধনের সঙ্গে কারও তুলনাই করতে চাই না। তার তুলনা কেবল তিনিই। তিনি যে চরিত্রটি করছেন এর মাধ্যমে দর্শক হৃদয় জয় করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন পরিচালক।