রবীন্দ্রসংগীতে মুগ্ধতা ছড়ালেন প্রিয়াংকা

রবীন্দ্রসংগীতে মুগ্ধতা ছড়ালেন প্রিয়াংকা

ফন্ট সাইজ:

রবীন্দ্রসংগীতের সুরে প্রেম, বিরহ, প্রকৃতি ও জীবনবোধের নানা অনুভূতি তুলে ধরলেন শিল্পী, গবেষক ও শিক্ষক প্রিয়াংকা ভট্টাচার্য। সম্প্রতি রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় তার একক সংগীতানুষ্ঠান। এতে ১৯টি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন প্রিয়াংকা। ‘নিভৃত প্রাণের দেবতা’ গান দিয়ে শুরু হয় পরিবেশনা। এরপর তিনি গেয়ে শোনান ‘ওগো শেফালিবনের মনের কামনা’, ‘আলোর অমলকমলখানি’, ‘খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘গভীর রজনী নামিল হৃদয়ে’ ও ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’র মতো জনপ্রিয় গান। তার কণ্ঠে গানগুলোতে ফুটে ওঠে প্রকৃতির স্নিগ্ধতা, প্রেমের আকুলতা, স্বাধীনতার আকাঙ্ক্ষা ও বিরহের গভীর অনুভূতি।

রবীন্দ্রসংগীতের পাশাপাশি টপ্পাসহ অন্যান্য ধারার গানেও নিজের দক্ষতার পরিচয় দেন তিনি। অনুষ্ঠানের মঞ্চসজ্জায় ছিল শিল্পীর নিজস্বতার ছাপ। মঞ্চের উইংস ও পেছনের অংশে তার নিজের হাতে আঁকা আল্পনা আয়োজনটিতে যোগ করে বাড়তি নান্দনিকতা। নির্ধারিত গানের পাশাপাশি দর্শকদের অনুরোধেও গান পরিবেশন করেন প্রিয়াংকা। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও মিলনায়তন ছিল দর্শক-শ্রোতায় পরিপূর্ণ। শরতের সন্ধ্যায় তার সুরেলা পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত সবাই।