মিরপুরে চিরনিদ্রায় সমাহিত সাংবাদিক আমির খসরু

মিরপুরে চিরনিদ্রায় সমাহিত সাংবাদিক আমির খসরু

ফন্ট সাইজ:

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত হলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু। রোববার তিন দফা জানাজা শেষে তার মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে সকালে ঢাকার লালমাটিয়া মসজিদ, জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাবে তার প্রথম জানাজায় দীর্ঘদিনের সহকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। উল্লেখ্য, শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাংবাদিক আমির খসরু।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আমির খসরু দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় এক সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। আমির খসরু দৈনিক ইত্তেফাক-এর কূটনৈতিক সাংবাদিক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কর্মজীবনে সংবাদ, দৈনিক খবর, চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। বুধবার নামে একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করা ছাড়াও বিভিন্ন জাতীয় পত্রিকায় কলাম লিখতেন। আমির খসরু ছিলেন ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের (ওকাব) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। ছিলেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য।