ইতালিতে নতুন ক্লাবে যোগ দিলেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার ফাহমিদুল ইসলাম। দেশটির চতুর্থ স্তরের লীগ সিরি ডি-র ক্লাব সেস্ত্রি লেভান্তের সঙ্গে চুক্তি করেন তিনি। গত শনিবার এক ঘোষণায় ফাহমিদুলকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি। তবে চুক্তির মেয়াদ বা আর্থিক বিষয়ে কিছু জানায়নি তারা। এর আগে ইতালির আরেক ক্লাব ওলবিয়া ক্যালসিওতে ছিলেন ২০ বছর বয়সী এই মিডফিল্ডার। প্রায় দেড় মৌসুমে ক্লাবটির হয়ে ২৮ ম্যাচ খেলে একটি গোল করেন তিনি। চলতি বছরের জুনে ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হয় তার। সবশেষ ২০২৫-২৬ মৌসুমে ওলবিয়ার হয়ে ২২ ম্যাচ খেলেছিলেন ফাহমিদুল।
২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইতালির তৃতীয় স্তরের পেশাদার লীগে খেলেছিল সেস্ত্রি লেভান্তে। ২০২৪-২৫ মৌসুম শেষে অবনমনের কারণে আবার ফিরেছে চতুর্থ স্তরে। চলতি মৌসুমে সিরি ডি-তে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে আছে দলটি। ফেনীতে জন্ম নেয়া ফাহামিদুল ২০১৬ সালে মাত্র ৯ বছর বয়সে ইতালিতে পাড়ি জমান। লা স্পেৎসিয়ায় বাবার কাছে গিয়ে সেখানেই শুরু হয় তার নতুন জীবন। বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন স্পেৎসিয়া ও সাম্পদোরিয়ার হয়ে। পরে সিরি ডি-তে লিগুর্না, লিভর্নো ও ওলবিয়ার জার্সিও গায়ে চড়িয়েছেন তিনি। ২০২৫ সালে বাংলাদেশ জাতীয় দলে খেলার আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ফাহমিদুল। ৪ঠা জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলের জয়ে অভিষেক হয় তার। বাংলাদেশের জার্সিতে এ পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন ফাহমিদুল। সদ্য সমাপ্ত ফিফা আসিয়ান কাপে তিনটি ম্যাচেই মাঠে নেমেছিলেন, তবে জাতীয় দলের হয়ে এখনো গোলের দেখা পাননি এই তরুণ।
