নারী অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক পাকিস্তানকে ৩২ রানে হারিয়ে ফাইনালে পা রাখলো জুনিয়র টাইগ্রেসরা। ১৬ই অক্টোবর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ফয়সালাবাদে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে জুনিয়র টাইগ্রেসরা। জবাবে রান তাড়ায় নেমে বাংলাদেশ দলের বোলিং তোপের মুখে পড়ে পাকিস্তানের ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানে থামে তাদের ইনিংস। বাংলাদেশের পক্ষে সাদিয়া ইসলাম ২৮ বলে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দেন শিরিনা খাতুন। ৪০ বলে ৩২ রান করেন তিনি। শেষ দিকে নিশিতা আক্তার নিশির ২০ রানের ক্যামিওতে ভর করে বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে।
রান তাড়ায় পাকিস্তানের ওপেনার রাভাইল ফারহান ২টি চার ও ২ ছক্কায় ২৬ বলে ৩৬ রানের লড়াকু ইনিংস খেলে দলকে ম্যাচে রাখার চেষ্টা করেন। তবে দলীয় ২১ রানে কোমাল খান (৯) এবং পরে রাহাইমা সৈয়দের (১২) বিদায়ের পর স্বাগতিকদের ব্যাটিং লাইন-আপে ধস নামে। একপর্যায়ে ৭.৪ ওভারে ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে তারা। ১৩তম ওভারে রাভাইল রান-আউট হলে পাকিস্তানের জয়ের আশায় বড় ধাক্কা লাগে। শেষ দিকে আকসা হাবিব ৩২ বলে ২৩ এবং রোজিনা আকরাম ১৬ বলে ১৩ রানে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যেতে পারেননি। বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং উপহার দিয়ে ১৯ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন ফারজানা ইয়াসমিন মেধা।
এছাড়া নিশিতা আক্তার নিশি ২১ রান খরচায় তুলে নেন ২ উইকেট। ম্যাচসেরা ফারজানা ইয়াসমিন মেধা। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে তিনবারের দেখায় শতভাগ জয় বাংলাদেশের। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩০ রানে হারায় জুনিয়র টাইগ্রেসরা। তৃতীয় ম্যাচে ১৩ রানের জয় বাংলাদেশের। আর শেষ দেখায় ৩২ রানে জয় দিয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে ফাইনালে বাংলাদেশ। বিদায় নিয়েছে স্বাগতিক পাকিস্তান। প্রথম চার ম্যাচের মধ্যে কেবল এক ম্যাচ হারে শ্রীলঙ্কা। এদিকে বাংলাদেশের দুটি হার শ্রীলঙ্কার বিপক্ষে। আর পাকিস্তান ৫ ম্যাচ খেলে পেয়েছে ২ পয়েন্ট। আজ শ্রীলঙ্কাকে হারালে সর্বোচ্চ চার পয়েন্ট পাবে পাকিস্তান। তাই বাংলাদেশ-শ্রীলঙ্কার ফাইনাল নিশ্চিত।
