দেশবরেণ্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের সুযোগ্য কন্যা কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। নতুন গান, টিভি লাইভ শো, মিউজিক ভিডিওসহ গানের প্রতিটি ক্ষেত্রে ব্যস্ত সময় পার করছেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। এদিকে, ক’দিন আগেই দেড় মাসের দীর্ঘ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন দিঠি। দেশে ফেরার পথে দুবাইতে বাংলাদেশ এসোসিয়েশনের একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। পাশাপাশি গানও পরিবেশন করেন। পরবর্তীতে এখানে সম্মানিত করা হয় দিঠিকে। এদিকে, দেশে ফিরে গান ও বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। গত এক মাসে নিজের ইউটিউব চ্যানেল থেকে পাঁচটি গান প্রকাশ করেছেন তিনি। এর মধ্যে ‘আর্তনাদ’ চলচ্চিত্রের ‘একটা তাজমহল বানাইয়া’ শিরোনামের গানটি রিমেক করেছেন দিঠি।
গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটির সুর করেছেন সজল দাশ। নতুন করে সংগীত করেছেন অপু আমান। ‘দেরে দেরে প্রেম’ গানটি দিঠির মৌলিক গান ‘পরাধীন’ সিনেমার। এটিও তার বাবার লেখা। নতুন করে সংগীতায়োজন করেছেন ও গেয়েছেন অপু আমান। ‘আকাশকে প্রশ্ন করো’ গানটি ‘শর্ত’ সিনেমার। গাজী মাজহারুল আনোয়ারের কথায় এর সুর করেছিলেন আলাউদ্দিন আলী। গেয়েছিলেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। এই গানটির নতুন সংগীতায়োজন করেছেন ও দিঠির সঙ্গে গেয়েছেন অপু আমান। ‘ঘড়ির কাঁটা’ গাজী মাজহারুল আনোয়ার চলে যাওয়ার চার-পাঁচদিন আগে লিখেছিলেন। তিনি থাকতেই দিঠি গানটির রেকর্ড করেন। গানটির সুর করেছেন অপু আমান। বাবার লেখা ‘এমনি করে একদিন’ গানটিও নতুন করে গেয়েছেন দিঠি।
নতুন করে সংগীতায়োজন করেছেন অপু আমান। আর এতে মডেল হয়েছেন দিঠির স্বামী ও পূবালী ব্যাংকের বোর্ড অব ডিরেক্টর আরিফ চৌধুরী। এর বাইরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিশ্বরঙ এর ‘পুজো বাড়ির গান’ প্রজেক্টে গান গাইলেন দিঠি। নিজের ব্যস্ততা প্রসঙ্গে এ শিল্পী বলেন, দেশে ফিরে ব্যস্ততা অনেক। যমুনা টিভি’র লাইভ প্রোগ্রাম করলাম। আরও কিছু চ্যানেলের লাইভ শো রয়েছে সামনে। পাশাপাশি গান রেকর্ডিং ও মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত। এক মাসে পাঁচটি গান প্রকাশ করলাম আমার চ্যানেলে। আর একটি গান করলাম বিশ্বরঙ এর। সামনে আরও নানা ধরনের পরিকল্পনা রয়েছে বাবা ও আমার গান নিয়ে।
