‘এই অভিজ্ঞতা বড় শিক্ষা হয়ে থাকবে’

‘এই অভিজ্ঞতা বড় শিক্ষা হয়ে থাকবে’

ফন্ট সাইজ:

কানাডায় ‘ভায়োলেন্স’ নামক একটি সিনেমায় কাজের কথা ছিল চলতি প্রজন্মের চিত্রনায়িকা অধরা খানের। কিন্তু অবশেষে পরিচালকের অপেশাদার আচরণের কারণে সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এদিকে, বিষয়টি সংশ্লিষ্ট পক্ষকে জানানো হলেও তাদের পক্ষ হতে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায়, এবার নিজেই অবস্থান পরিষ্কার করলেন এ নায়িকা। এ বিষয়ে অধরা খান বলেন, আমি এতদিন নীরব ছিলাম, কারণ আমার বক্তব্যের কারণে সিনেমাটির চলমান শুটিং কিংবা এর সঙ্গে যুক্ত সহশিল্পীদের কাজে কোনো নেতিবাচক প্রভাব পড়ুক, আমি তা চাইনি। তবে এই অভিজ্ঞতার কারণে আমাকে বড় ধরনের আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে পড়তে হয়েছে। ‘ভায়োলেন্স’র জন্য অপেক্ষা করতে গিয়ে হলিউডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাজের সুযোগ গ্রহণ করতে পারিনি। চুক্তিগত গোপনীয়তার বাধ্যবাধকতা থাকায় সেসব প্রজেক্টের বিস্তারিত প্রকাশ করতে পারছি না।

অধরা অভিযোগ করে বলেন, এই সিনেমার জন্য অন্যান্য কাজের সময়সূচি ও পেশাগত প্রতিশ্রুতি বজায় রাখতে না পারায় এখানে আমার কাস্টিং ডিরেক্টর ও এজেন্সির কাছ থেকেও সতর্কবার্তা পেতে হয়েছে। এই সিনেমায় আমার শুটিংয়ের মাত্র একদিন আগে আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করাও ছিল অত্যন্ত হতাশাজনক। অধরা বলেন, বাংলা সিনেমার প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই ছবিটির সঙ্গে যুক্ত হয়েছিলাম। কিন্তু এই অভিজ্ঞতা আমার জন্য একটি বড় শিক্ষা হয়ে থাকবে। যথাযথ পেশাদারিত্ব, যোগাযোগ ও পারস্পরিক সম্মানের বিষয়গুলো আরও গভীরভাবে বিবেচনা না করে এই প্রজেক্টে যুক্ত হওয়াকে আমি আমার ক্যারিয়ারের একটি বড় ‘ভুল’ হিসেবেও দেখছি। এদিকে, অধরা বর্তমানে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন। দ্রুতই সেগুলো একে একে সামনে আনবেন বলে জানান তিনি।