অভিনয়ের দুই দশকে দীঘি

অভিনয়ের দুই দশকে দীঘি

ফন্ট সাইজ:

কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমায় প্রথম অভিনয় করেন প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটি ২০০৬ সালের ৪ঠা আগস্ট মুক্তি পায়। তবে সিনেমাতে অভিনয়ে আসার আগেই দীঘি গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে দেশ জুড়ে আলোচনায় চলে আসেন। কাবুলিওয়ালা’র পর দীঘি শিশুশিল্পী হিসেবে ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘সাজঘর’, ‘অবুঝ শিশু’, ‘কপাল’, ‘বাবা আমার বাবা’, ‘এক টাকার বউ’সহ বেশ কিছু সিনেমাতে অভিনয় করেন। বড় হয়ে নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা ছিল দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘মুজিব একটি জাতির রূপকার’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ এবং সর্বশেষ ‘জংলি’ সিনেমাতে অভিনয় করেন। সুমন ধরের পরিচালনায় দীঘি প্রথম ওয়েব ফিল্মে অভিনয় করেন ‘চিঠি’তে।

কিছুদিন আগে বঙ্গ’তে মুক্তি পায় দীঘি অভিনীত ওয়েবফিল্ম ‘প্রিয় প্রাক্তন’। ইফতেখার মাহমুদ ওসিন পরিচালিত এই ওয়েব ফিল্মে ‘তমা’ চরিত্রে অভিনয় করেছেন দীঘি। গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড’র ২৫তম আসরে ‘প্রিয় প্রাক্তন’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান দীঘি। অবশ্য এই দীঘি ছোটবেলায় তিনটি সিনেমা ‘কাবুলিওয়ালা’, ‘এক টাকার বউ’ ও ‘চাচ্চু আমার চাচ্চু’তে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ক্যারিয়ারের দুই দশক প্রসঙ্গে দীঘি বলেন, আমার শিশুবেলাটাই ভীষণ বর্ণাঢ্য ছিল। সবাই আমাকে ভীষণ স্নেহ করতো। বিশেষত খুব মিস করি মান্না আঙ্কেলকে। আম্মুর আঙ্গুল ধরে ধরেই সিনেমার অলিতে গলিতে আমার পথচলা। একটু একটু করে অভিনয়ে আসা। বাবার সাপোর্ট তো ছিলই। আমিও চেষ্টা করছি আরও ভালো ভালো কাজ করার।