ভিন্নধারার গান ও গায়কীর কণ্ঠশিল্পী আপন আহসান। তিনি নিজের গান নিজেই লেখেন ও সুর করে থাকেন। তার বেশ কিছু গানই প্রশংসিত হয়েছে শ্রোতামহলে। এরই ধারাবাহিকতায় আপনের নতুন গান প্রকাশ হলো গানচিল মিউজিকের ব্যানারে। গানটির শিরোনাম ‘ভালো থেকো’। এর কথা, সুরও আপনের করা। সংগীতায়োজন করেছেন মীর মাসুম। গানটির সঙ্গে মিল রেখে একটি নান্দনিক মিউজিক ভিডিও করা হয়েছে। নির্মাণ করেছেন মোহাম্মদ আলী। এতে মডেল হয়েছেন- কাজী কানিজ ও দীপ্তি দে। গানটি প্রকাশের পর পরই বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানান আপন। তিনি বলেন, আমরা যারা গান করি, আমাদের কাছে একটি গান রিলিজ হওয়া মানে, এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক আবেগ, ভালোবাসা আর স্বপ্ন।
গানটি রিলিজ হওয়ার পর যখন কেউ নিজের ভালোবাসা থেকে শেয়ার করেন, তখন সত্যিই মনে হয়, এই মানুষগুলো যেন আত্মার খুব কাছের। শিল্পীদের চাওয়া-পাওয়া খুব বেশি নয়। একটু ভালোবাসা, সামান্য উৎসাহ আর সৃষ্টির প্রতি কিছু মানুষের আন্তরিক সমর্থন, এটুকুই অনেক। যারা ‘ভালো থেকো’ গানটি শুনেছেন, ভালোবেসে শেয়ার করেছেন, পাশে থেকেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা।
