পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির পরিকল্পনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

পিটিআই এর লং মার্চ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির পরিকল্পনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

ফন্ট সাইজ:

খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে পাকিস্তান সরকার। এর জন্য জরুরি অবস্থা এবং গভর্নরের শাসন জারির পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটির ক্ষমতাসীন জোট। একই সঙ্গে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ইসলামাবাদ অভিমুখে লংমার্চ ঘিরে সংঘাতের আশঙ্কায় সংবেদনশীল রাওয়ালপিন্ডি জেলায় আগামী এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ করছে পিটিআই। রোববার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফেডারেল মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন। এ খবর দিয়েছে অনলাইন ডন।

ক্ষমতাসীন জোটের দুই প্রধান শরিক পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-এর শীর্ষ নেতারা প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বাসভবনে দীর্ঘ বৈঠক করে খাইবার পাখতুনখোয়ায় সাংবিধানিক জরুরি পদক্ষেপ নেয়ার বিষয়ে একমত হন। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেপিতে জরুরি অবস্থা এড়ানোর মতো আর কোনো সুযোগ অবশিষ্ট নেই। তিনি জানান, সংঘাত এড়াতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে, তবে এখন পিটিআইকে দেয়ার মতো আর কিছুই বাকি নেই। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, সংবিধানের ২৩২, ২৩৩ এবং ২৩৪ অনুচ্ছেদের আওতায় মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে সরিয়ে পুরো প্রদেশের নিয়ন্ত্রণ নেয়ার আইনি পথ খতিয়ে দেখা হচ্ছে। এর অংশ হিসেবে আগামী মঙ্গলবার পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের পৃথক অধিবেশন আহ্বান করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার আটটি সাবেক উপজাতীয় অঞ্চলসহ ১২টি জেলায় সরাসরি জরুরি অবস্থা জারি করা হতে পারে এবং বাকি জেলাগুলোতে গভর্নরের শাসন কার্যকর করার পরিকল্পনা রয়েছে। ১২টি জেলার প্রশাসনিক কাজকর্ম ও আইন-শৃঙ্খলা সরাসরি তদারকি করার জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণে একটি বিশেষ কাউন্সিল গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। সম্ভাব্য সহিংস বিক্ষোভ ও নাশকতা মোকাবিলায় প্রদেশের পুলিশ প্রধান জুলফিকার হামিদ সংবেদনশীল এলাকাগুলোতে ব্যাপক নিরাপত্তা ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

এদিকে পিটিআইয়ের লংমার্চের কারণে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কগুলোতে নাশকতার ‘আসন্ন হুমকি’ রয়েছে উল্লেখ করে রাওয়ালপিন্ডি জেলায় আগামী ৮ই নভেম্বর পর্যন্ত ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছেন ডেপুটি কমিশনার ক্যাপ্টেন (অব.) নাদিম নাসির। জেলা গোয়েন্দা কমিটির সতর্কবার্তার পর জারি করা এই নির্দেশনায় পাঁচজনের বেশি মানুষের জমায়েত, মিছিল, সমাবেশ, অস্ত্র প্রদর্শন এবং ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর আগেই রাজধানী ইসলামাবাদে দুই মাসের জন্য এবং লাহোরে ১৫ই অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর করা হয়েছিল।

অন্যদিকে সম্ভাব্য জরুরি অবস্থা বা গভর্নরের শাসন জারির তীব্র বিরোধিতা করেছে ইমরান খানের দল পিটিআই।