দিল্লিতে আটক করা হয়েছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে’কে। তিনি আগেই ধারণা করেছিলেন, তাকে আটক করা হতে পারে। তাই বিমানে করে দিল্লি অবতরণের আগেই তিনি একটি ভিডিও রেকর্ড করে রেখেছিলেন। তাতে নির্দেশনা দেয়া হয়েছে, তাকে আটক করলে কে সিজেপির দায়িত্ব পালন করবেন। ওই ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ্য মাধ্যমে। তাতে তিনি বলেছেন, তিনি, সৌরভ দাস ও আশুতোষ রানাকে আটক অবস্থা থেকে মুক্তি না দেয়া পর্যন্ত সিজেপির দায়িত্ব পালন করবেন অজিঙ্কা শিন্ডে। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলেছে, আটক করার আগে শুক্রবার দিবাগত রাতে এই ভিডিও ধারণ করেন অভিজিৎ। এতে তিনি অজিঙ্কার নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।
ওদিকে, সিজেপির বিক্ষোভে যাওয়ার পথে আটক করা হয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিএমের সংসদ সদস্য জন ব্রিটাস এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। আটকের পর তাদেরকে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে।
জন ব্রিটাস বলেন, দিল্লি পুলিশ ন্যূনতম সৌজন্যবোধও দেখাচ্ছে না। এখন আমাদের ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে আসা হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে পুরো দিল্লি ঘুরিয়ে গাড়িতে করে এখানে আনা হয়েছে।
