ইউরোপের শেনজেন অঞ্চলে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পাঁচ দেশ। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান ও কাতারের নাগরিকদের জন্য এই সুযোগ চালুর প্রক্রিয়া শুরুর খুব কাছাকাছি পৌঁছেছে দেশগুলো। আগামী ২৪শে অক্টোবর রিয়াদে জিসিসি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে। জিসিসির মহাসচিব জসিম মোহাম্মদ আল বুদাইউই এ তথ্য জানিয়েছেন। দুবাই থেকে প্রকাশিত আরব নিউজের তৈরি অনুষ্ঠান ‘আরব ভিউজ’-এ কথা বলতে গিয়ে আল বুদাইউই বলেন, ২৪শে অক্টোবরের দ্বিতীয় জিসিসি-ইইউ শীর্ষ সম্মেলনে বিভিন্ন বিষয়ে অগ্রগতি হওয়ার প্রত্যাশা রয়েছে।
তিনি বলেন, আমি আপনাদের একটি এক্সক্লুসিভ খবর দিচ্ছি। জিসিসির পাঁচটি দেশের নাগরিকদের জন্য শেনজেন ভিসার শর্ত প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি। বাকি পাঁচটি দেশের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। সম্মেলনে এ বিষয়ে ইতিবাচক কিছু ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে আল বুদাইউইয়ের বক্তব্যের অর্থ এই নয় যে, পাঁচ দেশের নাগরিকরা এখনই ভিসা ছাড়া ইউরোপে যাতায়াত করতে পারবেন। বরং ভিসার বাধ্যবাধকতা পুরোপুরি তুলে দেয়ার আগে যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সেটি শুরুর কাছাকাছি পৌঁছানোর কথাই বলেছেন তিনি। এখন ভিসা ছাড়াই ইউরোপে যেতে পারেন আমিরাতের নাগরিকরা।
বর্তমানে জিসিসির ছয় সদস্যদেশের মধ্যে শুধু সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের শেনজেন অঞ্চলে স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য ভিসা লাগে না। ২০১৫ সালের মে মাসে ইউরোপীয় ইউনিয়ন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় যোগ্য ভ্রমণকারীরা প্রতি ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন শেনজেন অঞ্চলে অবস্থান করতে পারেন। অন্য পাঁচ উপসাগরীয় দেশের ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভিসা অব্যাহতি নিয়ে আলোচনা চললেও ইউরোপীয় ইউনিয়ন ধাপে ধাপে ভিসার নিয়ম সহজ করেছে। ২০২৪ সালের এপ্রিল থেকে সৌদি আরব, বাহরাইন ও ওমানের নাগরিকরা ইউরোপীয় কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ বছর মেয়াদি একাধিকবার প্রবেশের সুযোগসহ শেনজেন ভিসা পাওয়ার যোগ্য হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সাল থেকে কুয়েত ও কাতারের নাগরিকরাও একাধিকবার প্রবেশের সুবিধাসহ তুলনামূলক সহজ ভিসাব্যবস্থার আওতায় এসেছেন। তবে একাধিকবার প্রবেশের সুযোগসহ ভিসা থাকলেও সেটি ভিসাই। ভ্রমণের আগে আবেদনকারীকে ভিসার জন্য আবেদন করতে হয় এবং শেনজেন অঞ্চলের প্রচলিত শর্ত পূরণ করতে হয়। পূর্ণাঙ্গ ভিসা অব্যাহতি কার্যকর হলে স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য আর এই আবেদন করার বাধ্যবাধকতা থাকবে না। ২০২২ সালে ইউরোপীয় কমিশন কুয়েত ও কাতারকে স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য ভিসা অব্যাহতিপ্রাপ্ত দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিল।
তবে ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণয়নপ্রক্রিয়ায় প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। ইউরোপীয় পার্লামেন্টের তথ্য অনুযায়ী, প্রথম পাঠে পার্লামেন্টের অবস্থান নির্ধারণের অপেক্ষায় রয়েছে এটি। প্রাথমিকভাবে ২০২২ সালের প্রস্তাবে শুধু কুয়েত ও কাতারের কথা থাকলেও পরবর্তী সময়ে এ উদ্যোগ বিবেচনাকারী ইউরোপীয় পার্লামেন্টের একটি কমিটি ওমানকেও ভিসামুক্ত ভ্রমণের সুবিধা দেয়ার সুপারিশ করে। এখন সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান ও কাতার পাঁচ দেশের নাগরিকদের জন্য শেনজেন ভিসা অব্যাহতির প্রক্রিয়া শুরুর সম্ভাবনা নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে ভিসামুক্ত ভ্রমণ কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
