ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ফুলহামে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। ক্লাবটির ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ ‘জনি হেইনেস ট্রফি ২০২৬’ জিতলেন তিনি। ক্লাবটির একাডেমি থেকে উঠে আসা সেরা উদীয়মান ফুটবলারকে বর্ষসেরা হিসেবে এই পুরস্কার দেয়া হয়, যা নির্ধারিত হয় ক্লাবটির সতীর্থ খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মিলিত ভোটাভুটির মাধ্যমে।
চলতি সপ্তাহে মোটসপুর পার্কে অবস্থিত ফুলহ্যামের অনুশীলন মাঠে গিয়ে ফুলহাম সাপোটার্স ট্রাস্টের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন ফারহান। বর্তমানে তিনি ইংলিশ ফুটবলের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে খেলছেন।
পুরস্কার জয়ের পর ফারহান নিজের প্রতিক্রিয়ায় ফুলহামের অফিশিয়াল ওয়েবসাইটকে বলেন, ‘এ পুরস্কারের জন্য সতীর্থদের ভোট পাওয়াটা দারুণ ব্যাপার, অত্যন্ত তৃপ্তিদায়ক অনুভূতি। সতীর্থদের ছাড়া আমি এটি অর্জন করতে পারতাম না। তারাই মানদণ্ড ঠিক করে দেয়, অনুপ্রেরণা জোগায় ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করে, যা আমাকে ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে। অতীতে যারা এই ট্রফি জিতেছে, তাদের নামের তালিকায় তাকালে বোঝা যায় এটি কত বিশেষ এক অর্জন।’
ফুলহাম সাপোর্টার্স ট্রাস্টের সাইমন ডিউক ফারহানের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘সরাসরি তার সঙ্গে কাজ করা মানুষের ভোটে এই সম্মান অর্জন করায় ফারহানকে আমরা অভিনন্দন জানাই। ট্রফিতে থাকা অতীতের নামগুলোই প্রমাণ করে এটি কতটা মর্যাদাপূর্ণ।’
পেশাদার ফুটবলে নিজের প্রথম মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেন ফারহান। প্রিমিয়ার লীগ টুতে (অনূর্ধ্ব-২১ পর্যায়) ২১ ম্যাচে ১৭টি গোলে অবদান রেখে ফুলহামের ‘ইয়ং হোয়াইটস’ দলকে চতুর্থ স্থানে পৌঁছে দিতে দারুণ ভূমিকা রাখেন তিনি। গত বছরের নভেম্বরে এই লীগের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পাশাপাশি মৌসুমের সেরা খেলোয়াড়ের মনোনয়নও পান ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
তার এমন নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে এই গ্রীষ্মে বোরহাম উড তাকে ধারে দলে ভেড়ায়। নতুন ক্লাবের হয়ে এরই মধ্যে চার ম্যাচে মাঠে নেমেছেন তিনি। বোরহাম উডও বর্তমানে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে।
ক্লাব ফুটবলের পাশাপাশি গত মাসে আন্তর্জাতিক আঙিনাতেও বড় এক মাইলফলক স্পর্শ করেন ফারহান। ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তার অভিষেক হয়। এরপর ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমে বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম গোলটিও তুলে নেন এই ফরোয়ার্ড।
বাংলাদেশের হয়ে খেলার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফারহান বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সত্যিই দারুণ এক ব্যাপার ছিল। এটি আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত এবং দলের হয়ে একটি গোল করতে পেরে আমি আনন্দিত। প্রায় ৫০ হাজার দর্শকের সামনে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করেছি, আর স্টেডিয়ামের পরিবেশ এই অভিজ্ঞতাকে সম্পূর্ণ অন্য রকম এক উচ্চতায় নিয়ে যায়। সামনে আন্তর্জাতিক বিরতিতে আমাদের ম্যাচগুলো বাংলাদেশে অনুষ্ঠিত হবে, আমি ইতিমধ্যেই প্রচুর বার্তা পেয়েছি এবং এর জন্য আমি সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
ফুলহাম ক্লাবের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ও কিংবদন্তি জনি হেইনেসের স্মরণে এই ট্রফি প্রবর্তন করা হয়। ফুলহাম সাপোর্টার্স ট্রাস্টের সদস্য পিটার গ্রিনহ্যামের ধারণা থেকে ২০১৯ সাল থেকে একাডেমি থেকে উঠে আসা সেরা তরুণ ও প্রতিশ্রুতিশীল প্রতিভাদের এই পুরস্কার প্রদান করা হয়ে আসছে।
