আরও দুই উৎসবে ভাবনার সিনেমা

আরও দুই উৎসবে ভাবনার সিনেমা

ফন্ট সাইজ:

আসিফ ইসলাম পরিচালিত ও আশনা হাবিব ভাবনা অভিনীত সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে এরই মধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে বেড়াচ্ছে সিনেমাটি। মস্কো ও কাজান উৎসবের পর মেলবোর্নেও প্রদর্শিত হয়েছে সিনেমাটি। এবার নতুন করে অস্ট্রেলিয়ার দু’টি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। অস্ট্রেলিয়ার ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি’ ও ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ’-এ প্রদর্শিত হবে সিনেমাটি।

জানা গেছে, ২৯শে অক্টোবর শুরু হবে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি’। চারদিনব্যাপী এই উৎসব চলবে ১লা নভেম্বর পর্যন্ত। এতে ভারতীয় সিনেমার পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের চলচ্চিত্রও প্রদর্শিত হবে। অন্যদিকে, ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ’ শুরু হবে ১২ই নভেম্বর, চলবে ১৫ই নভেম্বর পর্যন্ত। এটিও চারদিনের আয়োজন। সিডনি ও মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবেরই আরেকটি অধ্যায় হিসেবে আয়োজিত হয় পার্থ’র এই উৎসব। দুই আয়োজনের নেপথ্যের আয়োজকও একই। ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’র গল্প গড়ে উঠেছে বাংলাদেশের যাত্রাপালার ক্রমাবনতিকে কেন্দ্র করে। দর্শকের চাহিদার চাপে কীভাবে মূল যাত্রার পরিবর্তে ‘প্রিন্সেস রোজী’ নামের এক নৃত্যশিল্পীই হয়ে ওঠেন আকর্ষণের কেন্দ্রবিন্দু, সেটিই সিনেমাটির গল্পে তুলে ধরা হয়েছে। এই চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। ‘প্রিন্সেস রোজী’ চরিত্রটির জন্য প্রায় ৯ কেজি ওজন বাড়িয়েছিলেন ভাবনা। সিনেমাটিতে ভাবনা ছাড়া অন্য সব অভিনয়শিল্পীই বাস্তবের যাত্রাশিল্পী।