রেকর্ড গড়েই যাত্রা শুরু ‘ফিরে আসার গল্প’র

রেকর্ড গড়েই যাত্রা শুরু ‘ফিরে আসার গল্প’র

ফন্ট সাইজ:

‘এটা আমাদেরই গল্প’র মাধ্যমে সাড়া জাগানোর পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ দর্শকের সামনে অবমুক্ত হয়েছে। ৭ই অক্টোবর ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে এসেছে এর প্রথম পর্ব। প্রথম পর্ব প্রচারের ৩ ঘণ্টা ৩৭ মিনিটের মধ্যেই ১ মিলিয়ন ভিউ অতিক্রম করে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে। গতকাল বিকাল পর্যন্ত ৫ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে প্রথম পর্বটি। সবমিলিয়ে রেকর্ড গড়েই যাত্রা শুরু হলো সিরিজটির। পারিবারিক গল্প নিয়েই সাজানো হয়েছে এটি। প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এর নতুন নতুন পর্ব। ‘এটা আমাদেরই গল্প’র অভিনয়শিল্পীদের বড় একটি অংশের পুনর্মিলন ঘটেছে নতুন ধারাবাহিকটিতে।

তাদের মধ্যে রয়েছেন— খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, অদিতি জামান স্নেহা, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ডিকন নূর। একঝাঁক তারকা নিয়ে তৈরি হয়েছে ‘ফিরে আসার গল্প’। দুই অভিনেতা জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম প্রায় ১৩ বছর পর আবারো একই ধারাবাহিকে অভিনয় করেছেন। রাজের পরিচালনায় অনেক বছর পর জাহিদ হাসানের নতুন ধারাবাহিক এটি। এ ছাড়াও আছেন— তানজিম সাইয়ারা তটিনী ও ফাইজুল ইয়ামিন। ‘ফিরে আসার গল্প’র নামেই যেন লুকিয়ে আছে গল্পের মূল আবেগ। সময়ের কোনো একপর্যায়ে সম্পর্ক কিংবা অনুভূতির কাছেই আবার ফিরে আসার প্রয়োজন তৈরি হয় মানুষের। সেই ফিরে আসার পথ, তার টানাপড়েন ও আবেগ নিয়েই ধারাবাহিকটি।