ইউক্রেনজুড়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে পাঁচ শিশুসহ অন্তত ৩২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে রাশিয়ার অন্যতম ‘বর্বর হামলা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রুশ হামলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চেরনিহিভ অঞ্চলের প্রিলুকি শহরে। সেখানে একটি পাঁচতলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ২২ জনের মৃত্যু হয়। এছাড়া রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে আরও অন্তত ১০ জন প্রাণ হারান।
ইউক্রেনীয় সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, রাতভর রাশিয়া অন্তত ৭০টি ক্ষেপণাস্ত্র এবং কয়েক ডজন ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক কারখানা ও অস্ত্রাগার লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের দাবি, আবাসিক এলাকা ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ হামলায়। পরিস্থিতি মোকাবিলায় জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আরও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান।
